ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

তুরস্কের বিপক্ষে ১০ জনের প্যারাগুয়ের রুদ্ধশ্বাস জয়

তুরস্কের বিপক্ষে ১০ জনের প্যারাগুয়ের রুদ্ধশ্বাস জয়
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১১:২০ | আপডেট: ২০ জুন ২০২৬ | ১১:২৫

ম্যাচের অর্ধেকেরও বেশি সময় একজন কম নিয়ে খেলেও তুরস্কের বিপক্ষে বীরোচিত এক জয় তুলে নিল প্যারাগুয়ে। গ্রুপ পর্বের রুদ্ধশ্বাস ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার দেশটি।

ম্যাচে টেনশনের পারদ চড়তে সময় লাগেনি একদমই। রেফারি ম্যাচ শুরুর কিক-অফ বাঁশি বাজানোর মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় তুরস্কের রক্ষণ দুর্গ ভেঙে বল জালে জড়ান প্যারাগুয়ের মাতিয়াস গালারজা। এই গোলের মাধ্যমে তিনি চলতি ২০২৬ বিশ্বকাপের দ্রুততম গোলের নতুন রেকর্ড গড়েন। আজই স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমায়েল সাইবারি ৭১ সেকেন্ডে গোল করে রেকর্ড গড়েছিলেন, যা টিকল মাত্র কয়েক ঘন্টা।

ম্যাচের আসল নাটকীয়তা মঞ্চস্থ হয় প্রথমার্ধের যোগ করা সময়ে। তুরস্কের মের্ত মুলদুরের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় হাত দিয়ে মুখ ঢেকে কথা বলেন প্যারাগুয়ের তারকা মিডফিল্ডার মিগুয়েল আলমিরন। এবারের বিশ্বকাপে বর্ণবাদ বা আপত্তিকর মন্তব্য গোপন করার এই প্রবণতা বন্ধ করতে নতুন নিয়ম চালু করেছে ফিফা। এই নিয়মের অধীনেই আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এটিই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে মুখ ঢেকে কথা বলার অপরাধে প্রথম লাল কার্ডের ঘটনা।

১-০ গোলে এগিয়ে থাকলেও পরে ১০ জনের দল নিয়ে খেলতে হয় প্যারাগুয়েকে। একজন বেশি থাকার সুবিধা নিয়ে দ্বিতীয়ার্ধ জুড়ে আক্রমণের সুনামি বয়ে দেয় তুরস্ক। তবে প্যারাগুয়ের জমাট ডিফেন্স ও গোলরক্ষকের বীরত্বে  দেয়াল হয়ে দাঁড়ায় তারা। গতিময় ফুটবল, আক্রমণ আর প্রতি-আক্রমণের রোমাঞ্চকর লড়াই চললেও ম্যাচের বাকি সময় আর কোনো গোল হতে দেয়নি লাতিন পরাশক্তিরা। শেষ পর্যন্ত গালারজার সেই ৬৫ সেকেন্ডের গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এবং ১০ জনের প্যারাগুয়ে মাঠ ছাড়ে ১-০ গোলের মহাকাব্যিক জয় নিয়ে।

আরও পড়ুন

×