ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, কী লেখা তাতে?

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, কী লেখা তাতে?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১২:৫৭ | আপডেট: ২২ জুন ২০২৬ | ১৪:৩৭

মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পায়নি ইরান। লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে দলটি। এই ম্যাচের পরও যুক্তরাষ্ট্র ছাড়তে হয়েছে ইরানকে। তবে যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকো যাওয়ার আগে সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি চিঠি রেখে যান ইরানি ফুটবলাররা।

ইরান ফুটবল ফেডারেশন সেই চিঠির একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায় চিঠিতে তারা লিখেছে, ‘হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের চেতনা জীবন্ত ও অটল রয়েছে।’

এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ইরান। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হয় ইরান। এ নিয়ে দলের অধিনায়ক ও কোচ ক্ষোভ জানিয়েছেন। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শেষেও একইভাবে যুক্তরাষ্ট্র ছাড়তে হয়।

এদিকে চিঠিতে ভেন্যু কর্তৃপক্ষ ও সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়েছে ইরান। তারা লিখেছে, ‘ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে ছেড়ে যাচ্ছি।’সমর্থকদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিশ্বের সকল দেশে শান্তি বজায় রাখার বার্তাও রয়েছে ইরানের চিঠিতে, ‘প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা তাদের হৃদয়, আওয়াজ এবং প্রাণ দিয়ে ১৮০ মিনিট আমাদের সমর্থন দিয়েছে। প্রত্যেক দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক।’

নীল কালিতে লেখা ওই চিঠিতে লাল কালিতে ‘৭৬৮’ এবং ‘মিনাব’ নামে দুটি শব্দ উল্লেখ করেছে ইরান। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি স্কুল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ১৬৮ জন শিশু প্রাণ হারিয়েছিল।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বকাপের শুরু থেকেই নানা জটিল পরিস্থিতির মুখোমুখি হচ্ছে ইরান। টুর্নামেন্ট শুরুর আগে ইরানকে তাদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের তিজুয়ানায় নিতে বাধ্য করা হয়। সেখান থেকে ম্যাচের আগেরদিন ভেন্যুতে গিয়ে ম্যাচ শেষ করেই তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে হয়। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দুই ম্যাচের দুটিতে ড্র করে নকআউট পর্বের আশা এখনও টিকিয়ে রেখেছে ইরান। 

বেলজিয়ামের বিপক্ষে এই ড্রয়ের মূল কারিগর ছিলেন দলটির গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। ম্যাচজুড়ে একের পর এক দুর্দান্ত সেভ করে ইউরোপের পরাশক্তিদের আটকে রাখেন তিনি। ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক পুরো ম্যাচে মোট ৭টি সেভ করেছেন, যার মধ্যে ৪টি ছিল ডাইভিং সেভ। এদিন ২৩টি শট নিয়ে ৭টিই লক্ষ্যে রেখেছিল বেলজিয়াম। কিন্তু কোনোটিই ইরানের রক্ষণভাগ ও গোলরক্ষককে ফাঁকি দিতে পারেনি।

আরও পড়ুন

×