ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

মডরিচদের ফাইনাল, নির্ভার ইংলিশরা

মডরিচদের ফাইনাল, নির্ভার ইংলিশরা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ১০:১২

অলিখিত ফাইনালের সামনে লুকা মডরিচদের ক্রোয়েশিয়া। ফিলাডেলফিয়ায় রোববার বাংলাদেশ সময় রাত ৩টায় ঘানার মুখোমুখি হবে তারা। যে লড়াইয়ে একটু এদিক-ওদিক হলেই বিপদ। হারলে টুর্নামেন্ট থেকে বিদায় ধরে নিতে হবে। ড্র করলে তৃতীয় দল হিসেবে নকআউট পর্বের সমীকরণে ঝুলে থাকতে হবে। জিতলে ক্রোয়েশিয়ার সরাসরি নকআউটে খেলা নিশ্চিত হবে। তখন ঘানা পড়ে যাবে সমীকরণের মারপ্যাঁচে।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ৬৫তম দল আফ্রিকার প্রতিনিধি ঘানা। ক্রোয়েশিয়া আছে ১৩ তে। রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ও কাতারের তৃতীয় সেরা দল মডরিচরা। ম্যাচটা তাই খালি চোখের বিশ্লেষণে একতরফা হওয়ার কথা। কিন্তু ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানাকে মোটেও সহজ ভাবতে পারছে না ক্রোয়াটরা। গতিময় শারীরিক ফুটবলের সঙ্গে ঘানার আছে ম্যানসিটিতে খেলা অ্যান্তোনি সেমেনো ও অ্যাথলেটিকো বিলবাওয়ে খেলা ইনাকি উইলিয়ামের মতো ফরোয়ার্ড। যারা ম্যাচ বের করে নিতে পারে।

ঘানাকে নিয়ে ক্রোয়াট কোচ গ্লাটকো ডালিক খুবই সতর্ক, ‘ইংল্যান্ডের বিপক্ষে ঘানা তাদের শক্তির পরিচয় দিয়েছে। ইংল্যান্ডের কর্তৃত্বে হানা দিয়েছে। সরাসরি নকআউটে যেতে এই ম্যাচে আমাদের পুরোপুরি মনোযোগ দেওয়া উচিত। তাদের প্রথাগত খেলা ভয়ের কারণ হতে পারে। ইংল্যান্ডকে তারা ওভাবেই রুখেছে, পানামাকে হারিয়েছে।’

ওই হিসেবে পানামার বিপক্ষে নির্ভার থাকবে ইংল্যান্ড। টুর্নামেন্টে ঘানা ও ক্রোয়েশিয়ার বিপক্ষে পানামা হারলেও লড়াই করেছে। তবে রোববার রাত ৩টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ইংল্যান্ডের সঙ্গে তাদের পেরে ওঠার কথা নয়।

আরও পড়ুন

×