আর্জেন্টিনা ম্যাচের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১২:২১
বিশ্বকাপে রূপকথা লিখে শেষ বত্রিশে ওঠা কেপ ভার্দে শিবিরে বড় ধাক্কা। আর্জেন্টিনার বিপক্ষে নকআউট ম্যাচের আগে দলটির অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ব্রাজিলের ক্রীড়া সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তে (জিই) জানিয়েছে, এক ব্রাজিলীয় নারীর অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করছে নিউজিল্যান্ড পুলিশ।
প্রতিবেদন অনুযায়ী, গত মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট চলাকালে ঘটনাটি ঘটে। অভিযোগকারী ওই নারী স্থানীয় ফুটবল ফেডারেশনের হয়ে কেপ ভার্দে দলের দোভাষী ও সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন। তার অভিযোগ, চিলির বিপক্ষে ম্যাচ শেষে বৈঠকের কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। পরে রায়ান মেন্দেস তার হোটেল কক্ষে গিয়ে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগকারী নারী পুলিশ ও ফিফার কাছে শারীরিক আঘাতের ছবি এবং চিকিৎসাকেন্দ্রের ফরেনসিক মেডিকেল প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্তের অংশ হিসেবে হোটেলের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে নিউজিল্যান্ড পুলিশ। দেশটির আইনে অভিযোগ প্রমাণিত হলে যৌন সহিংসতার দায়ে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
এদিকে অভিযোগকারী নারী ও তার স্বামী ফিফা কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে লিখিত আবেদন জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রায়ান মেন্দেসকে চলমান বিশ্বকাপের স্কোয়াড থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়ার জন্য।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত রায়ান মেন্দেস, কেপ ভার্দে ফুটবল ফেডারেশন কিংবা ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং এর সত্যতা এখনো আদালতে প্রমাণিত হয়নি। আর্জেন্টিনা ম্যাচের আগে অধিনায়কের এমন কেলেঙ্কারিতে বেশ ব্যাকফুটে পড়ে গেছে আফ্রিকান চমক কেপ ভার্দে।
- বিষয় :
- কেপ ভার্দে
- বিশ্বকাপ ফুটবল
