ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

জাপান পরীক্ষায় যেমন হতে পারে ব্রাজিলের একাদশ

জাপান পরীক্ষায় যেমন হতে পারে ব্রাজিলের একাদশ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১৩:১৯

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে আজ জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে দুই দলের বহুল প্রতীক্ষিত এই লড়াই। গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা সেলেসাওদের সামনে এবার এশিয়ার অন্যতম সেরা দল জাপানের চ্যালেঞ্জ। নকআউটের মঞ্চে ভুলের কোনো সুযোগ নেই। তাই সম্ভাব্য সেরা একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

গোলপোস্টের নিচে বরাবরের মতো দায়িত্বে থাকবেন অ্যালিসন বেকার। পুরো গ্রুপ পর্বে মাত্র একটি গোল হজম করা এই লিভারপুল গোলরক্ষক দুর্দান্ত ফর্মেই রয়েছেন। স্কটল্যান্ডের বিপক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেছিলেন তিনি। রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। সেন্টার-ব্যাক জুটিতে থাকবেন অধিনায়ক মার্কিনিওস ও গাব্রিয়েল মাগালায়েস। দুই ফুলব্যাকে দেখা যেতে পারে দানিলো ও ডগলাস সান্তোসকে।

মাঝমাঠে জাপানের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থামানোর দায়িত্ব থাকবে ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেসের কাঁধে। দুই ম্যাচ ধরেই ছন্দে থাকা এই জুটির সঙ্গে আক্রমণভাগে বাড়তি সৃজনশীলতা আনতে লুকাস পাকেতাকেও শুরুর একাদশে দেখা যেতে পারে। চোটের কারণে রাফিনহা না থাকায় একাদশে জায়গা পেতে পারেন ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার রায়ান। আগের ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ ছাপ রাখা এই তরুণকে দুই উইংয়ের যেকোনো এক পাশে খেলাতে পারেন আনচেলত্তি। আক্রমণের মূল ভরসা অবশ্যই ভিনিসিয়ুস জুনিয়র। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চার গোল ও একটি অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ডের সঙ্গে স্ট্রাইকিং জুটিতে থাকতে পারেন তিন গোল করা ম্যাথেউস কুনিয়া।

তবে ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় আগ্রহ নেইমার জুনিয়রকে ঘিরে। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে আগের ম্যাচে শেষ ২০ মিনিট খেলেছিলেন তিনি। এবারও শুরু থেকেই তাকে মাঠে নামানোর সম্ভাবনা কম। ম্যাচের পরিস্থিতি বুঝে দ্বিতীয়ার্ধে নেইমারকে ব্যবহার করতে পারেন আনচেলত্তি। একই সঙ্গে বদলি হিসেবে সুযোগ পেতে পারেন তরুণ এন্দ্রিকও।

অতীতের পরিসংখ্যানে ব্রাজিলের আধিপত্য স্পষ্ট হলেও দুই দলের সর্বশেষ আন্তর্জাতিক সাক্ষাতে জয় পেয়েছিল জাপান। তাই নকআউটের এই লড়াইয়ে কোনোভাবেই প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, ম্যাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

জাপানের সম্ভাব্য একাদশ: জিওন সুজুকি, সুইয়োশি ওয়াতানাবে, হিরোকি ইতো, কো ইতাকুরা, রিতসু দোয়ান, আইউমু সেকো, আও তানাকা, কেইতো নাকামুরা, দাইজেন মায়েদা, আইয়াসে উয়েদা ও দাইচি কামাদা।

আরও পড়ুন

×