ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

সাতকানিয়ায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সাতকানিয়ায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১৪:০৬ | আপডেট: ২৯ জুন ২০২৬ | ১৪:৩৫

চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর পুকুর থেকে মো. ইলিয়াছ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ছৈয়দাবাদ গ্রামের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. ইলিয়াছ ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। প্রায় দুই সপ্তাহ আগে তার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। সোমবার সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য, ইলিয়াছ প্রায়ই দেশীয় চোলাই মদ পান করতেন এবং মদ্যপ অবস্থায় বিভিন্ন স্থানে পড়ে থাকতেন। পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশের প্রাথমিক ধারণা, তিনি মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে গিয়ে মারা যেতে পারেন।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি নিয়মিত মদ্যপান করতেন এবং মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে যেতে পারেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×