ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

চুম্বন দৃশ্য মাতামাতি, গুঞ্জন উড়িয়ে সরব কঙ্গনা-ভির

চুম্বন দৃশ্য মাতামাতি, গুঞ্জন উড়িয়ে সরব কঙ্গনা-ভির
×

কঙ্গনা রনৌত ও ভির দাস

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১৫:৩০

বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত ও অভিনেতা-কমেডিয়ান ভির দাসকে ঘিরে বহু বছর আগের একটি গুঞ্জন নতুন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছিল, ২০১৪ সালের ‘রিভলভার রানি’ ছবির একটি চুম্বনের দৃশ্যের শুটিংয়ে কঙ্গনা নাকি ‘কাট’ বলার পরও ভিরকে চুমু খেতে থাকেন। এমনকি তার ঠোঁটেও আঘাত লাগে। তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভির দাস। পরে কঙ্গনাও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

সম্প্রতি এক সাংবাদিক একটি পডকাস্টে পুরোনো এই গল্প আবার সামনে আনেন। এরপরই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

গুঞ্জনের জবাবে শনিবার এক্স (সাবেক টুইটার)-এ ভির দাস লিখেছেন, ‘সবাই পরিষ্কারভাবে জেনে রাখুন, এই গল্প পুরোপুরি কাল্পনিক। কঙ্গনা সেটে অত্যন্ত পেশাদার ছিলেন এবং আমি এখনও মনে করি তিনি অসাধারণ প্রতিভাবান একজন শিল্পী। তার বিরুদ্ধে এ ধরনের অপবাদ দেওয়া অন্যায়।’

একই পোস্টে তিনি আরও লেখেন, ‘পরে অবশ্য তিনি আমার কমেডিকে কেন্দ্র করে আমাকে ‘সন্ত্রাসী’ বলেছিলেন। কিন্তু শুটিংয়ের সময় আমাদের মধ্যে কোনো সমস্যাই হয়নি।’

ভিরের এই পোস্টের জবাবে কঙ্গনা রনৌতও এক্সে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘ধন্যবাদ, ভির। কিন্তু এই নারীটি কে? উফ! মনে হচ্ছে কোনো অদ্ভুত মানুষ আমাদের নাম ব্যবহার করে নিজের বিকৃত কল্পনা পূরণ করছে। আমি নাকি তোমাকে আহত করেছি, আর তুমি এক দশক পরও কাঁদছ—কী আজব গল্প!’

এটি প্রথমবার নয়। ২০২৩ সালেও একই ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তখন কঙ্গনা ইনস্টাগ্রামে ব্যঙ্গ করে লিখেছিলেন, তিনি নাকি হৃতিক রোশনের সঙ্গে বিরোধের পর ‘বেচারা ভির দাসের ওপর হামলা’ করেছিলেন। সেই সময়ও ভির দাস একইভাবে গুঞ্জনটি অস্বীকার করেছিলেন এবং প্রশ্ন তুলেছিলেন, কেন বারবার একই মিথ্যা গল্প সামনে আনা হচ্ছে।

উল্লেখ্য, কঙ্গনা ও ভিরের প্রকাশ্য মতবিরোধের সূত্রপাত ২০২১ সালে। সে সময় যুক্তরাষ্ট্রের কেনেডি সেন্টারে কমেডি পরিবেশনার জন্য ভির দাস তীব্র সমালোচনার মুখে পড়েন। কঙ্গনা তখন তার বক্তব্যকে ‘সফট টেররিজম’ আখ্যা দিয়ে ভিরকে অপরাধী বলেছিলেন। অন্যদিকে ভির দাবি করেছিলেন, তার পরিবেশনাটি ছিল একটি ব্যঙ্গাত্মক উপস্থাপনা, যার উদ্দেশ্য কোনোভাবেই দেশকে ছোট করা নয়।

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘রিভলভার রানি’ ছবিটি পরিচালনা করেন সাই কবির। এতে কঙ্গনা রনৌত ও ভির দাসের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন পীযূষ মিশ্র ও জাকির হুসেন। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×