ব্যর্থতার দায় নিয়ে সৌদি আরবের ফুটবল প্রধানের পদত্যাগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১৩:১৮ | আপডেট: ২৯ জুন ২০২৬ | ১৩:২২
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিলেও বাকি দুই ম্যাচ হেরে বাড়ির পথ ধরে সৌদি আরব। ২০২৬ বিশ্বকাপেও গ্রুপপর্ব পেরোতে ব্যর্থ হয় দলটি। এ ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল-মিসেহাল পদত্যাগ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি পদত্যাগের ঘোষণা দেন তিনি।
সেখানে তিনি লিখেন, ‘বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে জাতীয় দলের উত্তীর্ণ হতে না পারাটা এমন এক ফলাফল, যা আমাদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার চেয়ে অনেক নিম্নমানের। এ দৃঢ় বিশ্বাসের ওপর ভিত্তি করে আমি বর্তমান মেয়াদের শেষ পর্যন্ত দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নিয়েছি।’
পদত্যাগের আগে বিশ্বকাপে সৌদি আরবের ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নেন দেশটির ফুটবলপ্রধান। তিনি বলেন, ‘আমি পুরো দায়ভার নিচ্ছি। আমাদের দলকে আরও ভালো অবস্থানে দেখতে চেয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমাপ্রার্থনা করছি। দায়িত্ববোধের জায়গায় একটি নতুন অধ্যায় শুরুর সুযোগ করে দেওয়া প্রয়োজন।’
আল-মিসেহাল ৭ বছর ধরে সৌদি আরবের ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ পদে ছিলেন। ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেতে সৌদি আরবের সফল প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তবে টুর্নামেন্ট শুরুর দুই মাসেরও কম সময় আগে হার্ভে রেনার্ডের পরিবর্তে জর্জিওস ডনিসকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ায় দলটির প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলেছিল।
এবারের বিশ্বকাপে শেষ ম্যাচ পর্যন্ত সৌদি আরবের সামনে নকআউটে ওঠার সুযোগ ছিল। গ্রুপপর্বের প্রথম ম্যাচে স্পেনের কাছে হারলেও উরুগুয়ের বিপক্ষে ড্র করে নকআউট খেলার আশা টিকিয়ে রেখেছিল তারা। এজন্য শেষ ম্যাচে তাদের জিততে হতো কেপ ভার্দের বিপক্ষে। কিন্তু সেই ম্যাচেও নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।
ফুটবলের পেছনে ব্যাপক বিনিয়োগ সত্ত্বেও ‘এইচ’ গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে থেকে বিশ্বকাপ মিশন শেষ করতে হয় সৌদি আরবকে। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েরও গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয়েছে।
- বিষয় :
- সৌদি আরব
- কেপ ভার্দে
- পদত্যাগ
- ফিফা
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
