যে মানুষটি শিখিয়েছিলেন স্বপ্ন আঁকতে, তাঁকে বিদায়
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১৪:২৩ | আপডেট: ২৯ জুন ২০২৬ | ১৫:৩৭
দেশের পাপেটশিল্পের অগ্রদূত, বরেণ্য চিত্রশিল্পী ও টেলিভিশন ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর নেই। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই শেষে আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বিদায়ে শুধু শিল্পাঙ্গনই নয়, শোকাহত দেশের সংস্কৃতিমনা মানুষও। প্রজন্মের পর প্রজন্মকে শিল্পচর্চায় অনুপ্রাণিত করা এই কিংবদন্তির প্রয়াণে সামাজিকমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন শোবিজ অঙ্গনের অসংখ্য তারকা।
নাট্যকার মাসুম রেজা বলেন, শিল্পের প্রায় সব শাখাতেই ছিল মুস্তাফা মনোয়ারের অনন্য বিচরণ। চিত্রকলা, পাপেট, নাটক নির্মাণ ও নাট্যরচনায় অসংখ্য শিক্ষার্থীকে তিনি হাতে-কলমে পথ দেখিয়েছেন। তাঁর ভাষায়, ‘আমাদের প্রজন্মের শিক্ষকদেরও শিক্ষক ছিলেন তিনি।’বাংলাদেশ টেলিভিশনে নির্মিত তাঁর ‘রক্তকরবী’কে দেশের টেলিভিশন ইতিহাসের অন্যতম সেরা নির্মাণ বলেও উল্লেখ করেন তিনি।
বরেণ্য টেলিভিশন ব্যক্তিত্ব ও লেখক খ ম হারুণ এক শোকবার্তায় স্মরণ করেন তাঁর দীর্ঘ কর্মসঙ্গীকে। তিনি লেখেন, ‘বাংলাদেশ টেলিভিশনের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক, টেলিভিশনে আমার পথপ্রদর্শক, বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা কী হারালাম, কাকে হারালাম—তা আমরা নিজেরাই জানি না।’
অভিনেতা চঞ্চল চৌধুরী সংক্ষিপ্ত এক বার্তায় লিখেছেন, ‘বিদায়, শ্রদ্ধেয় শিল্পী মুস্তাফা মনোয়ার। অনন্তলোকে চিরশান্তিতে থাকুন। বিনম্র শ্রদ্ধা।’
নির্মাতা মেজবাউর রহমান সুমন শৈশবের স্মৃতি মনে করে লেখেন, ‘শৈশবে আমার ছবি আঁকার স্বপ্ন এঁকে দিয়েছিলেন…।’ আর ‘বনলতা সেন’-এর নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, শিশুদের স্বপ্নময় শৈশব গড়ে তোলার এক কারিগরকে হারাল বাংলাদেশ।
অভিনেত্রী শাহনাজ খুশি মুস্তাফা মনোয়ারের সঙ্গে কাজ করার স্মৃতি ভাগ করে নেন। ১৯৯৪ সালে তাঁর সঙ্গে পাপেটের জগতে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি লেখেন, সেই সময়টুকু ছিল শেখার এক অসাধারণ অধ্যায়। ২০২২ সালে কলকাতায় শেষবারের মতো দেখা হওয়ার স্মৃতিও তাঁর মনে ভাসছে। শোকবার্তার শেষে তিনি শিল্পীর আত্মার শান্তি কামনা করেন।
অভিনেত্রী নাজিয়া হক অর্ষা জানান, ছোটবেলায় মুস্তাফা মনোয়ারের অনুষ্ঠান ‘মনের কথা’ তাঁকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছিল। অন্যদিকে অভিনেতা জিয়াউল হক পলাশ লেখেন, ছোটবেলায় তাঁকে দেখেই ছবি আঁকার আগ্রহ জন্মেছিল, আর সেই আগ্রহই একসময় চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্নের ভিত্তি গড়ে দেয়।
- বিষয় :
- মুস্তাফা মনোয়ার
- মৃত্যু
