ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বিশ্বকাপ ব্যর্থতায় জার্মানির দায়িত্ব ছাড়লেন নাগেলসম্যান

বিশ্বকাপ ব্যর্থতায় জার্মানির দায়িত্ব ছাড়লেন নাগেলসম্যান
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১৫:১২ | আপডেট: ০৩ জুলাই ২০২৬ | ১৫:১৭

বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর জার্মানির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জুলিয়ান নাগেলসম্যান। এখনও জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ‘বিল্ড’ ও ‘স্কাই জার্মানি’ নাগলসম্যানের পদত্যাগের খবর প্রচার করেছে।

সংবাদমাধ্যম দুটি জানিয়েছে, জার্মান ফুটবল ফেডারেশন তাকে পদত্যাগের জন্য অনুরোধ করেছিল। নাগলসম্যান সেটা মেনে নিয়ে পদত্যাগ করেছেন।

সূত্রের বরাতে বিল্ড জানিয়েছে, বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে ডিএফবির সদর দপ্তরে প্রায় তিন ঘণ্টার একটি ‘গোপন বৈঠক’ অনুষ্ঠিত হয়। সেখানেই নাগেলসম্যান পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে দাবি করেছে পত্রিকাটি।

২০২৩ সালে জার্মানদের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নাগেলসম্যান। তার সঙ্গে জার্মানির ২০২৮ সাল পর্যন্ত চুক্তি ছিল। কিন্তু বিশ্বকাপ ব্যর্থতায় ২ বছর বাকি থাকতেই দায়িত্ব ছাড়লেন তিনি।

গত ২৯ জুন বোস্টনে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জার্মানি। টাইব্রেকারে জার্মানদের ৪-৩ গোলে হারায় প্যারাগুয়ে। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায়ের পর এবারও হতাশা কাটাতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ নিয়ে টানা তৃতীয় বিশ্বকাপে ব্যর্থতার মুখ দেখেছে দলটি। এর আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ৪র্থ শিরোপা জিতেছিল জার্মানরা।

বিশ্বকাপের নকআউট পর্বে গত চার দশকের মধ্যে সবচেয়ে কম বয়সী কোচ ছিলেন নাগেলসম্যান। এছাড়া প্যারাগুয়ের বিপক্ষে হারের পর তিনি স্পষ্ট জানিয়েছিলেন, শুধুমাত্র বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার কারণে পদত্যাগ করার মানুষ তিনি নন।

এদিকে নাগলসম্যানের পদত্যাগের ফলে জার্মানির কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ইয়ুর্গেন ক্লপ। এমনকি তিনি জার্মান ফুটবল ফেডারেশনেরও পছন্দের তালিকায় রয়েছেন বলে জানা গেছে। বর্তমানে অস্ট্রিয়ার ক্লাব রেড বুলের গ্লোবাল হেড অব ফুটবল হিসেবে দায়িত্ব পালন করছেন লিভারপুলের সাবেক এই কোচ। 

আরও পড়ুন

×