ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মেসির সঙ্গে বেলিংহ্যামের কী হয়েছিল?

মেসির সঙ্গে বেলিংহ্যামের কী হয়েছিল?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১৩:৫১

আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। মাঠে দুই দলের ফুটবলারদের শারীরিক ভাষাও ছিল আগ্রাসী। এমনকি ম্যাচ চলাকালীন বেশ কয়েকবার একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যান দুই দলের খেলোয়াড়রা। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লিওনেল মেসি ও জুড বেলিংহ্যামকে নিয়ে।

বৃহস্পতিবার রাতে ম্যাচ শুরু হওয়ার মাত্র কয়েক মিনিটের মাথায় মুখোমুখি দাঁড়িয়ে যান মেসি ও বেলিংহ্যাম। এ সময় কোনো একটা বিষয় নিয়ে বিবাদে জড়ান দুই প্রজন্মের দুই তারকা। কথার লড়াই শেষে বেলিংহ্যামের দিকে মেসির কড়া চোখে তাকানো এবং অবজ্ঞার ভঙ্গিতে মাথা নাড়ার দৃশ্যটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ম্যাচ শেষ হওয়ার পরও বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে।

এ বিষয়ে ম্যাচ শেষে জানতে চাওয়া হয়েছিল বেলিংহ্যামের কাছে। ইংলিশ এই ফুটবলার অবশ্য বিষয়টিকে খুব হালকাভাবেই নিয়েছেন। তিনি জানান, মেসির সঙ্গে তেমন কিছুই হয়নি।

বেলিংহ্যাম বলেন, ‘আসলে আমরা একটা ফাউল নিয়ে কথা বলছিলাম। তবে তেমন খারাপ কিছু ছিল না। আমি নিশ্চিত, সবাই বিষয়টিকে বড় করে দেখাবে। কিন্তু সত্যি বলতে, তেমন কিছুই হয়নি।’কোন ঘটনা থেকে দুজন একে অপরের সঙ্গে তর্কে জড়িয়েছেন জানাতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, একটু আগে একটা ফাউল হয়েছে। ও (মেসি) বলল, ‘‘তাহলে আমার ওপর করা ফাউলটার কী হবে?’’ আমি তখন বলছিলাম, তুমি তো এসব সামলানোর মতো যথেষ্ট শক্তিশালী। ব্যস, এতটুকুই।’

এদিন আটলান্টায় অনুষ্ঠিত উত্তেজনায় ঠাসা দ্বিতীয় সেমিফাইনালের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। এমনকি ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত জয়ের সুবাসও পাচ্ছিল তারা। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৮৫ মিনিটে মেসির পাস থেকে এনজো ফার্নান্দেজের বুলেটগতির দূরপাল্লার শতে সমতায় ফেরে তারা। এরপর ৯২ মিনিটে মেসির মাপা ক্রস থেকে বদলি নামা লাউতারো মার্তিনেজের হেডে ২-১ গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে বেলিংহ্যামের কাছে সাংবাদিকদের প্রথম প্রশ্নই ছিল মেসির সঙ্গে হয়ে যাওয়া মাঠের সেই লড়াই নিয়ে। হাসিমুখে উত্তর দেওয়ার পাশাপাশি মেসিকে প্রশংসায় ভাসান রিয়াল মাদ্রিদের এই ইংলিশ তারকা।

মেসির প্রশংসা করে বেলিংহাম বলেন, ‘মেসির বিপক্ষে খেলতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার। তার বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। আমরা হেরে গেছি। খারাপ লাগছে সত্যি। তবে এই মানুষটার বিপক্ষে মাঠ ভাগাভাগি করতে পারাটাও গর্বের।’

আরও পড়ুন

×