ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করেও কি গোল্ডেন বুট জেতা সম্ভব?

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করেও কি গোল্ডেন বুট জেতা সম্ভব?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ০৯:৩৬ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ১৮:০৮

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি ফ্রান্স ও ইংল্যান্ড। এই ম্যাচকে অনেকেই বলে থাকেন সান্ত্বনার লড়াই। দলগুলোর পাশাপাশি দর্শকেরও ম্যাচটি নিয়ে আগ্রহ কম থাকে। ইংল্যান্ড কোচ থমাস টুখেল তো জানিয়েই দিয়েছেন, তার দলের কোনো খেলোয়াড় ম্যাচটা খেলতে চায় না। তবে এবারের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি একেবারে গুরুত্বহীন নয়। দুই দলের অন্তত চার খেলোয়াড়ের কাছে ম্যাচটি গুরুত্ব পাচ্ছে।

সেমিফাইনালে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হলেও টুর্নামেন্টের অন্যতম মর্দাযাপূর্ণ পুরস্কার গোল্ডেন বুট জেতার সুযোগ শেষ হয়ে যায়নি তাদের। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের সামনে এখনও সুযোগ রয়েছে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি নিজের করে নেওয়ার। কারণ, এই ম্যাচের গোলও যোগ হয় টুর্নামেন্টের মোট গোলসংখ্যায়। অর্থাৎ, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও গোল্ডেন বুটের হিসাবেই ধরা হয়।

টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটের লড়াইয়ে যৌথভাবে সবার ওপরে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। তাদের দুজনেরই গোল ৮টি করে। তবে একটি বেশি অ্যাসিস্ট থাকায় আপাতত এগিয়ে আছেন মেসি। নরওয়ের আর্লিং হলান্ডের গোল ৭টি। তবে কোয়ার্টার ফাইনালেই তার দলের বিদায় হওয়ায় আর গোল বাড়ানোর সুযোগ নেই এই ম্যানসিটি তারকার।

অন্যদিকে ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের গোলসংখ্যা ৬টি করে। ফ্রান্সের উসমান দেম্বেলে এবং স্পেনের মিকেল ওইয়ারসাবালের গোল ৫টি করে। তাই ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যকার ম্যাচটি শুধু তৃতীয় স্থান নির্ধারণের লড়াই নয়। এই ম্যাচটি গোল্ডেন বুটের ভাগ্যও অনেকটা নির্ধারণ করে দিতে পারে।

ফিফার নিয়মানুযায়ী, একাধিক খেলোয়াড়ের গোল সমান গোল হলে প্রথমে তাদের অ্যাসিস্টের সংখ্যা বিবেচনা করা হয়। সেখানেও সমতা থাকলে দেখা হয় কে কম সময় খেলে সেই গোল করেছেন। অর্থাৎ, গোল্ডেন বুট নির্ধারণে ফিফার ক্রম হলো- সর্বোচ্চ গোল, সর্বোচ্চ অ্যাসিস্ট এবং সবচেয়ে কম খেলার সময়। এ কারণে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে এবং ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম এখনও গোল্ডেন বুট জয়ের দৌড়ে টিকে আছেন।

এর আগেও বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ গোল্ডেন বুট নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাতজন গোল্ডেন বুটজয়ী এই ম্যাচে গোল করেছিলেন। তাদের মধ্যে চারজন জার্মানির টমাস মুলার (২০১০), ক্রোয়েশিয়ার ডেভর সুকর (১৯৯৮), ইতালির সালভাতোরে শিলাচি (১৯৯০) ও ব্রাজিলের লিওনিদাস (১৯৩৮) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে করা গোলের সুবাদেই শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন।

এ ছাড়া পোল্যান্ডের গ্রেজেগোর্জ লাতো (১৯৭৪), পর্তুগালের ইউসেবিও (১৯৬৬) ও ফ্রান্সের জাস্ট ফন্টেইনও (১৯৫৮) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করেছিলেন। যদিও ওই গোল ছাড়াও তারা গোল্ডেন বুট জিততেন।

আরও পড়ুন

×