দুই ‘অভিশাপ’ পেরিয়ে বিশ্বজয় করতে পারবে আর্জেন্টিনা?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ২১:০১ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ২১:০৬
বিশ্বকাপ ফাইনালের আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। নিউ জার্সিতে আর্জেন্টিনার সামনে শুধু শক্তিশালী প্রতিপক্ষই নয়, রয়েছে ফুটবল ইতিহাসের দুটি কঠিন পরিসংখ্যানও। মেসি ও কোচ স্কালোনির দলকে বিশ্বকাপ ধরে রাখতে হলে ভাঙতে হবে দীর্ঘদিনের দুটি ‘অভিশাপ’।
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেও শিরোপাহীন: সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা। কিন্তু ইতিহাস বলছে, এটি খুব একটা সুখকর ইঙ্গিত নয়। ১৯৯৩ সালে ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালুর পর থেকে শীর্ষস্থান ধরে রেখে কোনো দলই বিশ্বকাপ জিততে পারেনি। ১৯৯৪ সালের জার্মানি থেকে শুরু করে পরবর্তী সময়ের একাধিক শীর্ষ দল ফাইনাল কিংবা টুর্নামেন্টে হতাশ হয়েছে। এবার সেই পরিসংখ্যান বদলে দেওয়ার সুযোগ মেসিদের সামনে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নের কঠিন পরীক্ষা: আর্জেন্টিনার সামনে আরও বড় চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখা। বিশ্বকাপের প্রায় শতবর্ষের ইতিহাসে টানা দুটি শিরোপা জিতেছে মাত্র দুটি দল। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ সালে পেলের ব্রাজিল এই কীর্তি গড়েছিল। এরপর কেটে গেছে ৬৪ বছর। কিন্তু কোনো বর্তমান চ্যাম্পিয়নই পরের বিশ্বকাপে ট্রফি ধরে রাখতে পারেনি। সেই কারণেই এই পরিসংখ্যানকে অনেকেই ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়নের অভিশাপ’ বলে উল্লেখ করেন।
এই দুটি বাধা পেরোতে পারলে আর্জেন্টিনা শুধু টানা দ্বিতীয় বিশ্বকাপই জিতবে না, গড়বে একাধিক নতুন রেকর্ডও। এটি হবে তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা। সেই সঙ্গে বিশ্বকাপজয়ী দলের তালিকায় ইতালি ও জার্মানির সমান উচ্চতায় পৌঁছে যাবে আলবিসেলেস্তেরা। পাঁচটি শিরোপা নিয়ে সর্বোচ্চ স্থানে থাকা ব্রাজিলের ব্যবধানও কমে আসবে মাত্র একটিতে।
এখন দেখার বিষয়, মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা দুটি ‘অভিশাপ’ ভেঙে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরে, নাকি ইতিহাসের সেই অপেক্ষা আরও দীর্ঘ হয়।
- বিষয় :
- আর্জেন্টিনা
- বিশ্বকাপ ফুটবল
- ফাইনাল
- স্পেন