বিশ্বকাপের নতুন পরিকল্পনার সমালোচনায় ফিফার সাবেক সভাপতি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ১৭:১০ | আপডেট: ০১ আগস্ট ২০২৬ | ০৬:৫৮
বিশ্বকাপ ও ফিফার অন্যান্য শীর্ষ টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব ব্যবস্থাপনা নিয়ে ২০ বিলিয়ন ডলারের একটি প্রস্তাবকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলে নতুন বিতর্ক শুরু হয়েছে। নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করে তার ২১ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ছাড়ার পরিকল্পনার সমালোচনা করেছেন সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার।
৯০ বছর বয়সী ব্ল্যাটার বলেছেন, ‘বিশ্বকাপ কোনো ব্যক্তিবর্গের নয়, এটি জনগণের সম্পদ। ফুটবলের আত্মা বিক্রি করার অধিকার কারও নেই।’ তবে এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখেও পড়েছেন তিনি। দুর্নীতির অভিযোগে একসময় ফিফা থেকে নিষিদ্ধ হওয়া ব্ল্যাটারের বক্তব্যকে ঘিরে অনেকেই তার অতীতের প্রসঙ্গ টেনে এনেছেন।
প্রস্তাব অনুযায়ী, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি নতুন বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছেন। এতে আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান জেপি মরগান এবং মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনাল অংশ নেবে।
পরিকল্পনা অনুযায়ী, নতুন প্রতিষ্ঠানের ২১ শতাংশ শেয়ার বিক্রির মাধ্যমে প্রায় ৪.২ বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পুরো প্রতিষ্ঠানের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২০ বিলিয়ন ডলার।
ফিফা জানিয়েছে, শেয়ার বিক্রির পরও সংস্থাটি প্রায় ৮০ শতাংশ মালিকানা এবং সিদ্ধান্ত গ্রহণের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখবে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ২১১টি সদস্য দেশের ভোটে প্রস্তাবটির ভবিষ্যৎ নির্ধারিত হবে। অনুমোদন পেলে ২০২৭ সাল থেকে সদস্য দেশগুলো উন্নয়ন তহবিল হিসেবে সর্বোচ্চ ৪০ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারে।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ব্ল্যাটার বলেন, ‘বিশ্বকাপ ফুটবলের কোনো নির্বাহী গোষ্ঠীর বাণিজ্যিক সম্পত্তি নয়, এটি বিশ্ব ফুটবলের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। ফিফা বিশ্বকাপের রক্ষক, এর মালিক নয়। ফিফাকে যদি লাভজনক কোনো করপোরেট সংস্থায় রূপান্তর করা হয়, তবে ফুটবল তার আত্মাকে হারাবে।’
এই প্রস্তাব নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবং কনকাকাফ। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, উয়েফা বিষয়টি নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে এবং প্রয়োজন হলে আরও কঠোর অবস্থান নেওয়ার বিষয়ও বিবেচনা করছে। অন্যদিকে এফএ ও কনকাকাফ জানিয়েছে, বিষয়টি তারা গণমাধ্যমের খবরের মাধ্যমেই জেনেছে। ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে।
- বিষয় :
- ফিফা
- উয়েফা
- জিয়ান্নি ইনফান্তিনো