ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রিয়ালের নাকের ডগা থেকে রদ্রিকে ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত বার্সেলোনা

রিয়ালের নাকের ডগা থেকে রদ্রিকে ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত বার্সেলোনা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৯:৩৩

স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিকে ঘিরে ইউরোপের দলবদলের বাজারে নতুন মোড়। রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) আগ্রহের মধ্যেই এবার ম্যানচেস্টার সিটির এই তারকাকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে বার্সেলোনা।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট-এর দাবি, দলবদলের উইন্ডো বন্ধ হওয়ার আগেই বার্সেলোনা আনুষ্ঠানিক প্রস্তাব দিতে পারে বলে ধারণা করছে ম্যানচেস্টার সিটি। এ কারণেই আপাতত রিয়াল মাদ্রিদের সঙ্গে চলমান আলোচনা ধীরগতিতে এগিয়ে নিচ্ছে ইংলিশ ক্লাবটি।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১০ দিন আগে রদ্রিকে দলে নেওয়ার বিষয়ে আলোচনা শুরু করে রিয়াল মাদ্রিদ। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন। তবে দুই ক্লাবের মধ্যে এখনো কোনো সমঝোতা হয়নি।

এদিকে বার্সেলোনার আগ্রহের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সিটি। একই প্রতিবেদনে বলা হয়েছে, রদ্রি নাকি রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়েও কিছুটা দ্বিধায় রয়েছেন। তার বিশ্বাস, বার্সেলোনায় গেলে নিজের সুযোগ আরও বেশি হতে পারে, যেখানে রিয়ালের কোচ মরিনহোর অধীনে বিষয়টি নিয়ে তার কিছু সংশয় রয়েছে। রদ্রিকে ছাড়তে ম্যানচেস্টার সিটি প্রায় ৫ কোটি ৬০ লাখ পাউন্ড ট্রান্সফার ফি চাইলেও রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ ৪ কোটি ৩০ লাখ পাউন্ড পর্যন্ত খরচ করতে প্রস্তুত।

বার্সেলোনাও সম্ভাব্য চুক্তি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা করেছে। তবে কাতালান ক্লাবটির সবচেয়ে বড় বাধা আর্থিক দিক। ট্রান্সফার ফির পাশাপাশি রদ্রির উচ্চ বেতন লা লিগার বেতনসীমার মধ্যে রাখা সম্ভব হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়নি বার্সা।

৩০ বছর বয়সী রদ্রি সদ্য স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচ খেললেও হ্যামস্ট্রিং ও কুঁচকির চোটে কিছু সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। এখন দেখার বিষয়, রদ্রিকে নিয়ে এমন টানাটানিতে শেষ পর্যন্ত কে সফল হয়।
 

আরও পড়ুন

×