লিওনেল মেসির বাবা মারা গেছেন
মেসি ও মেসির বাবা। ফাইল ছবি/এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ২০:০৭ | আপডেট: ০৮ আগস্ট ২০২৬ | ২০:৪২
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির বাবা এবং তার দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি (৬৮) মারা গেছেন। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যায় ভোগা হোর্হে মেসির মৃত্যুর খবর গোল ডটকম, এএফপিসহ একাধিক আন্তর্জাতিক ও আর্জেন্টাইন সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে, হোর্হে মেসি শুক্রবার রোজারিওর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
গত জুনে বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর লিওনেল মেসিকে দৃশ্যতই আবেগপ্রবণ হতে দেখা যায়। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি কেন কাঁদছিলাম? এর সাথে ফুটবলের বিন্দুমাত্র কোনো সম্পর্ক ছিল না। আমার গত কয়েকটি দিন বেশ কঠিন কেটেছে।’ এরপরই তার বাবার স্বাস্থ্য নিয়ে সংবাদমাধ্যমে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়।
সংবাদমাধ্যমে পরস্পরবিরোধী খবর ছড়ানোর পর সেই সময় মেসি পরিবার একটি আনুষ্ঠানিক বিবৃতি দিতে বাধ্য হয়। বিবৃতিতে জানানো হয়েছিল, হোর্হে মেসি স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং সুস্থ হয়ে উঠছেন। একই সঙ্গে এই স্পর্শকাতর সময়ে সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয়টিকে ঘিরে গুজব ছড়ানোয় উদ্বেগ প্রকাশ করে সবার কাছে গোপনীয়তা ও সম্মান প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছিল।
জুলাইয়ের শেষের দিকে মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার গেমেও অংশ নেননি লিওনেল মেসি। ধারণা করা হয়, অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার কারণেই তিনি সেই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তবে কয়েকদিন পরই এমএলএস-এর অন্য একটি ম্যাচে তাকে মাঠে ফেরেন তিনি।
মেসির শৈশবের ক্লাব নিওয়েল'স ওল্ড বয়েজ এক বার্তায় বলেছে, ‘লিওনেলের প্রতিটি পদক্ষেপে সমর্থন জোগানোর ক্ষেত্রে তার সার্বক্ষণিক সাহচর্য এবং পর্দার আড়ালের নেতৃত্ব অপরিহার্য ছিল।’
আর্জেন্টিনায় হোর্হে মেসি ছিলেন তার ছেলের প্রথম কোচ এবং শৈশবে তিনি যখন প্রথম বার্সেলোনায় পাড়ি জমান তখন তিনিই ছিলেন তার একমাত্র সঙ্গী। পরবর্তীতে তিনি তার ছেলের এজেন্ট হন।
২০২২ সালে ডাইরেকটিভি স্পোর্টস-এর কাছে লিওনেল মেসি বলেছিলেন, ‘আমার বাবা আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন। তিনি আমার কঠোর সমালোচক। এটি আমাকে সবসময় নিজেকে আরও সামনে এগিয়ে নিতে উদ্বুদ্ধ করেছে।’
- বিষয় :
- মেসি