ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ছত্রাকের সংক্রমণে পিছিয়ে গেল লা লিগার ম্যাচ

ছত্রাকের সংক্রমণে পিছিয়ে গেল লা লিগার ম্যাচ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ১২:৩৮

নতুন মৌসুম শুরুর আগেই অদ্ভুত এক সমস্যায় পড়েছে লা লিগা। মাঠে ছত্রাকের সংক্রমণের কারণে সেল্তা ভিগো ও ওসাসুনার মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে।

সেল্তা ভিগোর ঘরের মাঠ এস্তাদিও দে বালাইদোসে আগামী ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে মাঠের অবস্থা খেলার অনুপযোগী হয়ে পড়ায় শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

এক বিবৃতিতে লা লিগা জানিয়েছে, সেল্তা ভিগো ও ওসাসুনার সঙ্গে আলোচনার পর ম্যাচ স্থগিতের বিষয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) একমত হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ২৭ আগস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে নতুন সূচি নিয়ে আপত্তি জানিয়েছে ওসাসুনা। তাদের দাবি, ২৭ আগস্টের পরিবর্তে ম্যাচটি আগামী ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর আয়োজন করা হোক। আন্তর্জাতিক বিরতির সময় ম্যাচটি আয়োজন করলে দুই দলের সূচিতে বাড়তি চাপ পড়ত না এবং মৌসুমের শুরুতে খেলোয়াড়দেরও পর্যাপ্ত বিশ্রামের সুযোগ মিলত বলে মনে করে তারা।

এক বিবৃতিতে ওসাসুনা বলেছে, দুই ক্লাবের অনুরোধ বিবেচনায় নেয়নি লা লিগা বা আরএফইএফ। বরং একতরফাভাবে ২৭ আগস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, ম্যাচ স্থগিত হওয়ার কারণে যে দলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, নতুন সূচিতেও সেই দলকেই আরও সমস্যায় পড়তে হচ্ছে।

বিবৃতির শেষ দিকে লা লিগার সিদ্ধান্তের সমালোচনা করে ওসাসুনা লিখেছে, ‘এটা ফুটবল নয়, লা লিগা।’

আরও পড়ুন

×