ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

২ দলের একাদশে একটি করে পরিবর্তন

টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ০৫:৪৮ | আপডেট: ২২ আগস্ট ২০২৬ | ০৫:৫২

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের পূর্ব উপকূলে অবস্থিত ম্যাকাইয়ে সিরিজের গুরুত্বপূর্ণ টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নেমে এরই মধ্যে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে জয় পেয়েছে টাইগাররা। নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পারফরম্যান্সের আত্মবিশ্বাসে ভাসতে থাকা টাইগারদের সামনে এখন সিরিজ জয়ের দারুণ এক সুযোগ।

এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার এবাদত হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। একাদশের বাকি সদস্যরা হলেন- সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম এবং তাসকিন আহমেদ।

অন্যদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের শঙ্কায় পরিষ্কারভাবেই চাপে রয়েছে প্যাট কামিন্সের দল। এই হারের পরিণতি অজি শিবিরের অনেকের ক্যারিয়ার সমাপ্তির কারণ হতে পারে বলেও আলোচনা রয়েছে। এই ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলেও একটি পরিবর্তন আনা হয়েছে। শেফিল্ড শিল্ডে দুর্দান্ত মৌসুম কাটানো ম্যাট রেনশ সুযোগ পেয়েছেন জেক ওয়েদারাল্ডের পরিবর্তে। ফর্মে না থাকলেও মার্নাস লাবুশেনের ওপর আস্থা রেখেছে দলটির ম্যানেজমেন্ট।

পুরোপুরি পেস আক্রমণের প্রলোভন সামলে তিন পেসার ও এক স্পিনারের সমন্বয়েই অটল রয়েছে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার একাদশে রয়েছেন- ট্র্যাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি, বো ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন এবং জশ হ্যাজলউড।

আরও পড়ুন

×