ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মেসিকে বিদায় জানিয়ে যা বললেন ফিফা সভাপতি

মেসিকে বিদায় জানিয়ে যা বললেন ফিফা সভাপতি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:২৩

আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তার দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তিতে শ্রদ্ধা ও শুভকামনা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর্জেন্টাইন মহাতারকার বর্ণাঢ্য ক্যারিয়ারকে ‘অসাধারণ’ আখ্যা দেওয়ার পাশাপাশি বিশ্ব ফুটবলে তার দীর্ঘস্থায়ী প্রভাবেরও প্রশংসা করেছেন ফিফা প্রধান।

সোমবার জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানান মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচ খেলে ১২৫ গোল করেছেন তিনি। এই সময়ে জিতেছেন ২০২২ বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও গোলের রেকর্ডও এখন তার দখলে।

মেসির অবসরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ইনফান্তিনো লেখেন, ‘অভিনন্দন লিও মেসি, তোমার অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য। এই ক্যারিয়ার লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে এবং সুন্দর এই খেলাকে নতুন করে সংজ্ঞায়িত করেছে।’

মেসির ব্যক্তিগত অর্জনের পাশাপাশি বিশ্ব ফুটবলে তার প্রভাবের কথাও তুলে ধরেছেন ফিফা সভাপতি। বিশ্বকাপ জয়, আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ ও গোল এবং বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের প্রসঙ্গও এসেছে তার বার্তায়।

ইনফান্তিনো আরও বলেন, ‘তোমার জাদুকরী প্রতিভা আর নম্রতা মনে থাকবে চিরকাল। আর্জেন্টিনার জার্সি গায়ে তোমার দেওয়া প্রতিটি অবিস্মরণীয় স্মৃতির জন্য ধন্যবাদ। পৃথিবীর প্রতিটি প্রান্তের সমর্থকদের এক করার জন্যও ধন্যবাদ। তোমার পরবর্তী অধ্যায়ের জন্য রইল আমার শুভকামনা।’

তবে এখানেই থামছে না মেসির ফুটবলযাত্রা। জাতীয় দলকে বিদায় জানালেও ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবল চালিয়ে যাবেন ৩৯ বছর বয়সী এই তারকা। ফলে আর্জেন্টিনা অধ্যায়ের সমাপ্তি হলেও ফুটবল থেকে মেসির বিদায় এখনো নয়।

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×