দুদিনে জয়ের পরিকল্পনা ছিল না অসিদের
ক্রীড়া প্রতিবেদক, ম্যাকাই থেকে
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ২২:৫০
পেট কামিন্স ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন, সিরিজে সমতা ফেরাবেন; ২০১৭ সালের মতো সিরিজ নির্ধারণী দ্বিতীয় ম্যাচে হারাবেন। সে চাওয়া যে এত দ্রুত পূরণ হবে, কল্পনা করেনি কেউ। বাঁহাতি অভিজ্ঞ পেসার মিচেল স্টার্কের জাদুকরি বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ফলে দুদিনে শেষ হয়েছে ম্যাচ। এতটা আশা করেননি কামিন্সও, ‘না, কখনোই দুদিনে ম্যাচ শেষ করার পরিকল্পনা থাকে না। উইকেটটা বেশ ভালোই মনে হয়েছিল। তাই সবকিছু যেভাবে হয়েছে, তাতে আমরা খুব খুশি। অবশ্য স্টার্কির (মিচেল) প্রথম দুই ঘণ্টাই ম্যাচের ভিত গড়ে দিয়েছে। প্রতিটি টেস্টে এমনটা হবে, সেটি ধরে নেওয়া যায় না। তবে শুরুতেই যখন বড় লিড পেলাম, তখন মনে হচ্ছিল, ম্যাচের প্রথমার্ধেই আমরা পুরোপুরি চাপে ফেলতে পারি।’
শনিবার প্রথম দিনের খেলা শেষে মিচেল স্টার্কের কাছে জানতে চাওয়া হয়েছিল, জয়ের জন্য প্রয়োজনীয় রান অস্ট্রেলিয়া পেয়ে গিয়েছে কিনা। তিনি বলেছিলেন, এখনও প্রথম ইনিংস শেষ হয়নি। কেউ বলতে পারে না, ম্যাচ কোন দিকে যাবে।’ বাংলাদেশকে প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট করে ৮ উইকেটে ১৬৫ রানে দিনের খেলা শেষ করেছিল দলটি। রোববার সকালে ইনিংস শেষ করে ২১০ রানে। নাজমুল হোসেন শান্তরা ওই রান তাড়া করতে পারেননি। উল্টো ইনিংস ব্যবধানে হেরে গেছেন।
এই দ্রুত ম্যাচ শেষ হওয়ার কারণ জানতে চাওয়া হলে কামিন্স বলেন, ‘সত্যি বলতে, অনেক টেস্টই এখন দ্রুত শেষ হচ্ছে। মনে হচ্ছে সবকিছু ফাস্ট-ফরোয়ার্ডে চলছে। উইকেটটা বেশ ভালো ছিল। পাঁচ সেশনে ৩০ উইকেট পড়বে, এমন মনে হয়নি। তবে কয়েকটি টেস্ট এখন এভাবেই দ্রুত শেষ হচ্ছে। এখানে কিছু দুর্দান্ত বোলিং হয়েছে। আবার কিছু সময় ব্যাটিংও গড়পড়তা ছিল– আমিও তার মধ্যে আছি। এ কারণেই হয়তো ম্যাচটা এত দ্রুত শেষ হয়েছে।’
অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বাংলাদেশের তেমন প্রশংসা না করলেও শরিফুলকে ভালো বোলিংয়ের কৃতিত্ব দেন, ‘আমার মনে হয়েছে, সে (শরিফুল) খুব ভালো বোলিং করেছে। সে ভালো একটা স্পেল করেছে, বল দেরিতে সুইং করাচ্ছিল। এই ম্যাচে বাঁহাতিদের জন্য বাতাসও বেশ সহায়ক ছিল। সব মিলিয়ে ওকে বেশ ভালোই মনে হয়েছে আমার।’
- বিষয় :
- বাংলাদেশ
- অস্ট্রেলিয়া
- খেলা