ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনার আবেদনে শাস্তি শিথিল করল ফিফা

আর্জেন্টিনার আবেদনে শাস্তি শিথিল করল ফিফা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ১৭:২১

বিশ্বকাপ ফাইনালে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিষেধাজ্ঞা পাওয়া আর্জেন্টিনার তিন ফুটবলার ও কোচিং স্টাফের এক সদস্যের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আবেদনের পর নিষেধাজ্ঞা কার্যকরের নিয়মে পরিবর্তন এনেছে ফিফা।

লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদাকে যথাক্রমে ১০, ৭ ও ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকেও দেওয়া হয় তিন ম্যাচের নিষেধাজ্ঞা।

শাস্তির মেয়াদ দ্রুত শেষ করার সুযোগ চেয়ে ফিফার কাছে আবেদন করেছিল এএফএ। তাদের অনুরোধ ছিল, নিষেধাজ্ঞার ম্যাচগুলো যেন ‘এ’ শ্রেণির আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও গণনা করা হয়। ফিফার ডিসিপ্লিনারি কমিটি সেই আবেদন অনুমোদন করেছে।

আগের নিয়মে আন্তর্জাতিক উইন্ডোর সব ম্যাচ নিষেধাজ্ঞা কাটানোর ক্ষেত্রে বিবেচিত হতো না। নতুন সিদ্ধান্তের ফলে প্রতিযোগিতামূলক ম্যাচের পাশাপাশি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও শাস্তির মেয়াদ পূরণ করতে পারবেন নিষিদ্ধ খেলোয়াড়েরা। এতে চলতি বছরের শেষ দিক ও ২০২৭ সালের শুরুতে বিভিন্ন আন্তর্জাতিক উইন্ডোতে পারেদেস ও মোলিনাদের নিষেধাজ্ঞা দ্রুত শেষ হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এএফএ অবশ্য এখানেই থামছে না। নিষেধাজ্ঞার মাত্রা কমানোর লক্ষ্যে ফিফার আপিল কমিটির কাছে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে তারা। রায়ের পূর্ণাঙ্গ নথি হাতে পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেই প্রক্রিয়া শুরু হবে। এএফএর আইনি উপদেষ্টা আন্দ্রেস পাতন এরই মধ্যে নিষেধাজ্ঞাকে মাত্রাতিরিক্ত বলে মন্তব্য করেছেন। ফিফার আপিল প্রক্রিয়ায় সুরাহা না হলে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) দ্বারস্থ হওয়ার পথও খোলা রাখছে আর্জেন্টিনা।

আরও পড়ুন

×