মেসির ১০ নম্বর জার্সি কি তুলে রাখতে পারবে আর্জেন্টিনা?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৫০
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল অধ্যায় শেষ। এবার তাই সামনে এসেছে আরেকটি প্রশ্ন, আর্জেন্টিনা কি তার ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটিও অবসরে পাঠাতে পারবে?
মেসির আগে দিয়েগো ম্যারাডোনার ক্ষেত্রেও এমন উদ্যোগ নিয়েছিল আর্জেন্টিনা। তবে ফিফা প্রতিযোগিতায় জার্সি নম্বরের নিয়মের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফিফার তথ্য অনুযায়ী, প্রতিযোগিতার বাইরে আর্জেন্টিনা একসময় ১০ নম্বর জার্সি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ফিফার আসরে নির্দিষ্ট ধারাবাহিক নম্বর ব্যবহারের নিয়ম থাকায় সেখানে ১০ নম্বর বাদ দেওয়ার সুযোগ ছিল না।
ফিফা টুর্নামেন্টে সর্বোচ্চ ২৬ জনের স্কোয়াড নেওয়া যায়। চূড়ান্ত তালিকায় থাকা প্রত্যেক খেলোয়াড়কে নির্ধারিত জার্সি নম্বর পরতে হয় এবং পুরো টুর্নামেন্টে সেই নম্বরই ব্যবহার করতে হয়। ফলে মেসির সম্মানে আর্জেন্টিনা চাইলে ফিফার বাইরে অনুষ্ঠিত ম্যাচে ১০ নম্বর জার্সি না-ও দিতে পারে। কিন্তু বিশ্বকাপের মতো ফিফা প্রতিযোগিতায় সেটি স্থায়ীভাবে তুলে রাখার সুযোগ নেই।
ম্যারাডোনার ঘটনাই এর সবচেয়ে বড় উদাহরণ। তার সম্মানে আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সি অবসরে পাঠানোর চেষ্টা করেছিল। ফিফার নিয়মের কারণে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে লিওনেল মেসিই আবার আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেন।
অর্থাৎ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনা ১০ নম্বর জার্সিটি খালি রাখার সুযোগ থাকবে না। কোনো এক সময় নতুন কাউকে গায়ে তুলতেই হবে মেসির রেখে যাওয়া সেই ঐতিহাসিক ১০ নম্বর।
- বিষয় :
- লিওনেল মেসি
- আর্জেন্টিনা
- ফিফা