ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জেসুসের অধীনে ফিরবেন না রোনালদো

জেসুসের অধীনে ফিরবেন না রোনালদো
×
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১০:৩৫

কোচ হোর্হে জেসুসের বিরুদ্ধে সঙ্গে যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল ইতিহাসের অন্যতম এ তারকা জানিয়ে দিয়েছেন, জেসুস পর্তুগালের কোচ থাকা অবস্থায় তিনি জাতীয় দলে আর ফিরবেন না। অথচ গত রোববারই দ্রাগাও স্টেডিয়ামে কোচ বলেছিলেন, রোনালদোর জন্য জাতীয় দলের দরজা খোলা আছে। আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে ফিরতে পারেন তিনি।

গত ২৭ সেপ্টেম্বর নরওয়ের বিপক্ষে পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে ছিলেন রোনালদো; ১৮ বছরের মধ্যে এমনটা দেখা যায়নি। এরপর যখন জানতে পারেন ডেনমার্কের বিপক্ষে পরের ম্যাচেও প্রথম একাদশে থাকবেন না তিনি, তখন জাতীয় দলের ক্যাম্প ছাড়েন তিনি। ক্যাম্প ছেড়ে ব্যক্তিগত বিমানে স্পেন চলে যান। সেখানে কদিন অনুশীলন করে এখন সৌদি আরবে আছেন ৪১ বছর বয়সী এ তারকা। এরই মধ্যে কজন জাতীয় দল সতীর্থ রোনালদোর ফেরা নিয়ে ইতিবাচক কথা বলেন। অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ তাঁকে পর্তুগালের ফুটবলের সবচেয়ে বড় প্রতীক বলে সম্মান জানান। পর্তুগালের ক্রীড়ামন্ত্রীও রোনালদোর প্রশংসা করেন। গত রোববার রাতে কোচ জেসুস সুর নরম করে বলেন, রোনালদোর জন্য জাতীয় দলের দরজা খোলা।

এসব আলোচনার মধ্যে রোনালদো-ঘনিষ্ঠ পর্তুগিজ সাংবাদিক রুই সান্তোস পর্তুগাল সিএনএনকে বলেন, ‘আমি জানতে পেরেছি, এরই মধ্যে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে জাতীয় দলে আর ফিরবেন না। অন্তত যতদিন হোর্হে জেসুস পর্তুগালের কোচ হিসেবে বহাল আছেন। পুরো প্রক্রিয়াটি যেভাবে পরিচালনা করা হয়েছে, তাতে তিনি ভীষণ অসন্তুষ্ট। বিশেষ করে জেসুসের মন্তব্যে।’ 

রোনালদোকে ফেরানোর বিষয়ে এখন যেসব ইতিবাচক কথা বলা হচ্ছে, সেগুলো লোক দেখানো বলেই মনে করছেন তারকা এ ফুটবলার। কোচের কথাতে তিনি আস্থা রাখেন না বলেও সাফ জানান সান্তোস, ‘নেশনস লিগেই রোনালদোর ফেরার আলোচনা চলছে। অথচ তাঁর সঙ্গে যে আচরণটা করা হয়েছে, সেজন্য কেউ ক্ষমা চাইল না। রোনালদোকে ফেরানোর কথা বলা হচ্ছে, অথচ এর উল্টো কাজ হচ্ছে।’ ওই সাংবাদিক দাবি করেছেন, জনসমক্ষে কোচ জেসুস যেসব মন্তব্য করেছেন, এর মধ্যে কেবল একবার তাঁর কণ্ঠে শান্তির আভাস ছিল। এ ছাড়া প্রতিবারই ভীষণ আক্রমণাত্মক ছিলেন রোনালদো প্রসঙ্গে।

সমস্যা হয়ে গেছে পর্তুগিজদের মধ্যে রোনালদোর অসম্ভব জনপ্রিয়তা। এমনকি কোচ জেসুসের অধীনে দারুণ সাফল্য লাভ করার পরও পরিস্থিতি পুরোপুরি সামাল দেওয়া যাচ্ছে না। রোনালদোর বর্তমান অবস্থান পর্তুগাল ফুটবল দলকে কিছুটা বেকায়দাজনক অবস্থায় ফেলে দিয়েছে বলেও মনে করা হচ্ছে। পর্তুগিজরা তাদের ইতিহাসের সেরা ফুটবলারকে ক্যারিয়ারের শেষ বেলায় এসে দুঃখী দেখতে চায় না। জেসুসও পর্তুগাল কোচ হিসেবে ভীষণ শ্রদ্ধেয়। তাঁর জয়ের হার কিংবদন্তি কোচ স্যার এলেক্স ফার্গুসনের চেয়ে ভালো। ২৫টি ট্রফিজয়ী এ কোচ পর্তুগালের দায়িত্ব নিয়ে চার ম্যাচের সবকটিতেই জয় এনে দিয়েছেন। আর রোনালদোর পজিশনে জেসুস যাকে খেলাচ্ছেন, সে গনসালো রামোস সুযোগ পেয়ে প্রতি ম্যাচে গোল করে যাচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×