এবাদতের পর আফগান শিবিরে মিরাজের আঘাত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৬:৪৬ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ | ২২:২৪
চা-বিরতির পর এবাদত হোসেনের বলে সাজঘরে ফিরেছেন আব্দুল মালিক। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে দিয়েছেন মালিক। ১২০ বলে ৬২ রানের ইনিংস খেলেছেন মালিক। পরের ওভারে আউট হয়েছেন হাশমতউল্লাহ শহীদিও। মিরাজের বলে সামনে এগিয়ে খেলতে চেয়ে বলের লাইন মিস করে স্টাম্পিং হয়েছেন হাশমতউল্লাহ। ৫০ ওভারে আফগানিস্তানের রান ৪ উইকেটে ১৫২। ক্রিজে রহমাত শাহর সঙ্গী ইকরাম আখিল।
নির্বিষ বোলিং, উইকেটের খোঁজে বাংলাদেশ
আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনে আফগানিস্তানের ব্যাটসম্যানদের চাপে রাখতে পারছে না বাংলাদেশ। ৪৪ ওভার শেষে প্রথম ইনিংসে ২ উইকেটে ১২৮ রান তুলেছে আফগানরা। ৬০ রানে অপরাজিত আছেন আবদুল মালিক, তার সঙ্গে ৩০ রানে ব্যাট করছেন অধিনায়ক রহমত শাহ।
তৃতীয় উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে উঠেছে ৬৫ রান। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ফিফটির দেখা পেয়েছেন মালিক। এরপর সাবলীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছেন তারা।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও এবাদত হোসেন। দলীয় ৩০ রানে সেদিকউল্লাহ আতালকে ফিরিয়ে আফগানিস্তানের শুরুর জুটি ভাঙেন হাসান মাহমুদ। ৩১ বলে তিন চারে ১৭ রান করেন সেদিকউল্লাহ। তার বিদায়ে ভাঙে ৬২ বল স্থায়ী ৩০ রানের জুটি। এরপর এবাদতের বাউন্সারে ব্যাটের কানায় লেগে শহিদুল্লাহর ক্যাচ নেন হাসান মাহমুদ। ২০ রানে ফেরেন তিনি। এতে ৬৪ রানে দুই উইকেট পড়ে আফগানদের।
তবে তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলাম এখনো উইকেটের দেখা পাননি। উইকেটের সন্ধানে আবারও পেসার হাসান মাহমুদের ওপর ভরসা রেখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এর আগে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। আবুধাবিতে প্রথম দিন দাপুটে শুরু করেও শেষ দিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নাজমুল হোসেন শান্তর দল। একসময় ২ উইকেটে ২২১ রান করা বাংলাদেশ শেষ পর্যন্ত বাকি ১২৫ রান তুলতেই হারিয়েছে ৮ উইকেট।
৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সকালে নাঈম হাসান ও তাইজুল ইসলাম দলের রান বাড়ানোর চেষ্টা করেন। তবে ৯ রানের বেশি যোগ করতে পারেননি তাইজুল। মোহাম্মদ সালিমের শর্ট বলে আউট হন তিনি। এরপর নাঈমের ব্যাটে আরও কিছু রান যোগ হয়। শেষ পর্যন্ত ৯২.৩ ওভারে ৩৪৬ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৩৫ রান নিয়ে অপরাজিত থাকেন নাঈম।
প্রথম দিন বাংলাদেশের হয়ে উজ্জ্বল ছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করেন তারা। ৭১ বলে ৮৩ রান করে তানজিদ ফিরলেও সাদমান করেন ৬৭। মুমিনুল হকের ব্যাট থেকে আসে ৩৯ রান। পরে লিটন দাসের ৫৩ রানের ইনিংস বাংলাদেশকে তিনশর ওপরে নিয়ে যায়।
তবে ২০০ রান পেরোনোর পর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মুশফিকুর রহিম রানের খাতা খুলতে পারেননি, অধিনায়ক শান্ত করেন ২৯ রান। মেহেদী হাসান মিরাজের ২৪ রানও দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার জন্য যথেষ্ট হয়নি।
আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ সালিম সাফি। ৮২ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন তিনি। ইয়ামিন আহমদজাই পেয়েছেন তিনটি, ইসমত আলম দুটি এবং কাইস আহমেদ একটি উইকেট।
আবুধাবির এই মাঠে প্রথম ইনিংসে গড় দলীয় সংগ্রহ ৩৬০ রান। সেই হিসাবে বাংলাদেশের স্কোর আরও বড় হতে পারত। একসময় ভালো অবস্থানে থেকেও শেষ দিকে ব্যাটিং ধসের কারণে প্রত্যাশার চেয়ে কম রানেই থামতে হলো সফরকারীদের।
- বিষয় :
- বাংলাদেশ-আফগানিস্তান