‘খুবই দুঃখের দিন’, চতুর্থ সারির দলের কাছে হেরে আর্তেতা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ১৪:৫৬
চতুর্থ সারির ক্লাব ফ্লিটউড টাউনের কাছে হেরে লিগ কাপ থেকে আর্সেনালের বিদায়কে ‘খুবই দুঃখের দিন’ বলে অভিহিত করেছেন কোচ মিকেল আর্তেতা। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
কারাবাও কাপের ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে আর্সেনাল ও ফ্লিটউড। এরপর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতে পরের রাউন্ডে ওঠে লিগ টুর ক্লাবটি। ফ্লিটউডের গোলরক্ষক জে লিঞ্চ আর্সেনালের ব্রুনো গিমারায়েসের পেনাল্টি ঠেকিয়ে দেন। এরপর হাউঘি জয়সূচক শটটি জালে পাঠালে নিশ্চিত হয় ঐতিহাসিক জয়।
এর আগে মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আর্সেনালকে আটকে দিয়েছিল ফ্লিটউড। ২১ মিনিটে অ্যারন লুপালো-বির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর মার্টিন ওডেগার্ড ও বেন হোয়াইটকে নামান আর্সেনাল কোচ মিকেল আরতেতা। দ্বিতীয়ার্ধের শুরুতেই কেডাচ ও’নেলের ক্রস থেকে গোল করে সমতা ফেরান ভিক্টর গিয়কেরেস।
শেষ দিকে ১৬ বছর বয়সী ম্যাক্স ডওয়ান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে পাঁচটি শটই গোলে পরিণত করে ফ্লিটউড, আর লিঞ্চের গুরুত্বপূর্ণ সেভ নিশ্চিত করে তাদের জয়।
ফ্লিটউডের গোলরক্ষক লিঞ্চ ম্যাচ শেষে বলেন, ইংলিশ চ্যাম্পিয়নদের হারানো দলের জন্য বড় অর্জন। প্রতিকূল আবহাওয়াকে কাজে লাগিয়ে পুরো দল দারুণ খেলেছে বলেও মন্তব্য করেন তিনি। এই জয়ে লিগ কাপের পরবর্তী রাউন্ডে উঠে গেছে ফ্লিটউড। অন্যদিকে, চতুর্থ সারির ক্লাবের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে আর্সেনাল।
ম্যাচ শেষে আর্তেতা বলেন, ‘প্রথমেই ফ্লিটউডকে পরের রাউন্ডে ওঠার জন্য অভিনন্দন জানাই। তারা যেভাবে জিতেছে, তাতে আমাদের জন্য দিনটি খুবই দুঃখের।’
দলের খেলোয়াড়দের মনোভাব ও লড়াই নিয়ে অবশ্য অভিযোগ নেই আর্সেনাল কোচের। আর্তেতা বলেন, ‘খেলোয়াড়দের মনোভাব, প্রয়োগ কিংবা দৃঢ়তা নিয়ে সমালোচনা করার কিছু নেই। শুরু থেকেই তাদের মধ্যে জেতার সংকল্প ছিল, এমনকি ১০ জন হয়ে যাওয়ার পরও। কিন্তু আমরা খুব বাজেভাবে একটি গোল হজম করেছি, যা প্রতিপক্ষকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে।’
বল দখল, আক্রমণ ও গোলের সুযোগ তৈরিতে এগিয়ে থেকেও তা কাজে লাগাতে না পারার আক্ষেপও করেছেন তিনি। ‘আমাদের বলের দখল ছিল অনেক, সুযোগ ও শটও ছিল প্রচুর। কিন্তু টাইব্রেকার পর্যন্ত গড়ানোর আগেই ব্যবধান বাড়াতে না পারলে পরের রাউন্ডে ওঠা কঠিন। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। এটাই ফুটবল, এই প্রতিযোগিতার সৌন্দর্য। তবে আমাদের জন্য দিনটি খুবই দুঃখের,’ বলেন আর্তেতা।
ফ্লিটউডের কোচ ম্যাট ললর এই জয়কে ক্লাবের ইতিহাসের অন্যতম বড় মুহূর্ত হিসেবে দেখছেন। তার ভাষায়, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না। প্রতিপক্ষের দিক থেকে এটি ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় রাত। আমরা ইংল্যান্ডের চ্যাম্পিয়নদের হারিয়েছি।’
- বিষয় :
- আর্সেনাল