২৫ বছরের মধ্যে বাজে শুরু বার্সার
অ্যাথলেটিকোর বিপক্ষে হারে হতাশ মেসি। ছবি: স্পোর্টসকিডা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০ | ০১:২৬ | আপডেট: ২২ নভেম্বর ২০২০ | ০৩:৫১
আট ম্যাচে মাত্র ১১ পয়েন্ট বার্সেলোনার ঝুলিতে। বড় ম্যাচে হতাশার পারফরম্যান্স। লিগে মৌসুমের সবচেয়ে বড় দুই ম্যাচেই হেরেছে কাতালানরা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে হার দেখেছে। শনিবার রাতের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরেছে ১-০ গোলে।
ওয়ান্ডা মেট্রোপলিটানোয় প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে দলকে এগিয়ে নেন বেলজিয়াম ফুটবলার ইয়ানিক কারাসকো। তার ওই গোলেই বার্সার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়েন ডিয়াগো সিমিওনের শিষ্যরা। ২০১০ সালের পরে এই প্রথম মেসিদের বিপক্ষে জয়ের স্বাদ নিল লা লিগার শক্তিশালী দলটি।
এই হারে বার্সাও ২৫ বছরের মধ্যে লিগ টেবিলে সাক্ষী হয়েছে সবচেয়ে বাজে অবস্থার। ৮ ম্যাচে তিন জয়, তিন হার ও তিন সমতায় ১১ পয়েন্ট তাদের নামের পাশে। ১৯৯৫ মৌসুমের পরে লিগের শুরুটা এমন বাজে আর হয়নি কাতালানদের। ২০০২ এবং ২০০৩ মৌসুমে অবশ্য খারাপ সময় এসেছিল। সেটাও এত প্রকট নয়।
সেবার মৌসুমের শুরুর আট ম্যাচে তিন জয়, তিন ড্র এবং দুই ম্যাচে হার দেখেছিল বার্সেলোনা। ২০০০-২০০১ মৌসুমও অবশ্য ভালো যায়নি কাতালানদের। ওই মৌসুমে শুরুর আট ম্যাচের চারটি জয় পেয়েছিল লা লিগার শক্তিশালী দলটি। মেসি-রোনালদিনহোর জুঁটি অবশ্য বার্সার আগের সেই দুর্দিন চাপা দিয়েছেন পরের মৌসুমগুলোতে।
বার্সা যেমন ২৫ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরু করেছে, তেমনি ২৫ বছরের মধ্যে গোল খাওয়ার দিক থেকে সবচেয়ে ভালো শুরু করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। লা রোজারা ৮ ম্যাচে হজম করেছে মাত্র দুই গোল। এই আট ম্যাচ থেকে স্পেন রাজধানীর ক্লাবটি জয় পেয়েছে ছয়টিতে। বাকি দুই ম্যাচ সমতা নিয়ে মাঠ ছেড়েছে। শুধু শেষ আট ম্যাচ নয়। লিগে ২৪ ম্যাচ হার দেখেননি ডিয়াগো সিমিওনে।