অভিষিক্ত ডাফির পেসে হার পাকিস্তানের
ছবি: নিউজি এইটটিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০ | ০৪:৩৮
তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে সহজেই পাকিস্তানকে হারিয়ছে নিউজিল্যান্ড। অভিষিক্ত পেসার জাকব ডাফির তোপে এবং ওপেনার টিম শেইফার্টের ফিফটিতে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।
প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান শুরুতেই ডাফির পেসে বিপর্যয়ে পড়ে যায়। ২৬ বছর বয়সী এই ডানহাতি মিডিয়াম পেসার পাকিস্তান ওপেনার শফিক এবং চারে নামা মোহাম্মদ হাফিককে শূন্য রানে ফেরান। এরপর ১৭ রানে তুলে নেন অন্য ওপেনার মোহাম্মদ রেজওয়ানকে।
তার সঙ্গে জুটি গড়ে কুগিলেইজিন তুলে নেন তিনে নামা তরুণ ব্যাটসম্যান হায়দার আলীকে। ইস শোধী ১৬ রান করা খুশদিলকে ফেরালে ৩৯ রানে ৫ উইকেট হারিয় বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। এরপর শাদাব খান ব্যাট হাতে কিছু রান যোগ করে সেই ধাক্কা কিছুটা সামল দেন।
বাবর আযমের অনুপস্থিতে দলকে নেতৃত্ব দেওয়া লেগ স্পিনার শাদাব খান করেন দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান। এছাড়া ইমাদ ওয়াসিম ১৯ এবং পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ দলের সঙ্গে যোগ করেন ৩১ রান। শেষ পর্যন্ত পাকিস্তান তাই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলতে পারে ১৫৩ রান।
জবাব দিতে নামা কিউইদের শুরুতে চাপে ফেললেও ওপেনার শেইফার্ট এবং চারে নামা গ্লেন ফিলিপ্সে ধাক্কা কাটিয়ে ওঠে স্বাগতিকরা। ফিলিপ্স আউট হন ২৩ রান করে। ওদিকে শেইফার্ট ৪৩ বলে ছয় চার ও এক ছয়ে ৫৭ রান করলে এবং মার্ক চ্যাপম্যানের ব্যাট থেকে ৩৪ রান আসলে সহজে জয়ের বন্দরে পৌছে যায় তারা।
শেষ দিকে জেমি নিশাম ১৫ এবং মিশেল সাটনার ১২ রান করে ১৮.৫ ওভারে দলকে জয় এনে দেন। পাকিস্তানের হয়ে হ্যারিস রউফ তিনটি এবং শাহিন শাহ আফ্রিদি দুই উইকেট তুলে নেন। কিউই পেসার জ্যাকব ডাফি ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৪ উইকেট।
