'এমবাপ্পে কেন লিভারপুলে আসবে না?'
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৬:৫৮
এমবাপ্পের সঙ্গে নতুন চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে পিএসজি। ফ্রান্সের তরুণ তারকাকে ধরে রাখতে রেকর্ড অর্থের প্রস্তাব দেবে কাতার পরিচালিত প্যারিসের ক্লাবটি। তবে কিলিয়ান এমবাপ্পে তেমন হেলদোল দেখাচ্ছেন না। আগামী মৌসুমের শুরুতে তাকে অন্য ক্লাবে দেখা যাবে বলেই গুঞ্জন। অন্য ক্লাব বলতে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাস ও লিভারপুলের নাম শোনা যাচ্ছে। তবে স্প্যানিশ লিগেই তার ঝোঁক বেশি বলে মনে করা হচ্ছে। কিন্তু সময়ের অন্যতম সেরা ক্লাব লিভারপুলে কেন নয়? প্রশ্নটা তুলেছেন সাবেক লিভারপুল তারকা স্টিফেন অরনক।
এমবাপ্পের কেন লিভারপুলে আসা উচিত। কিংবা কোন চিন্তা মাথায় থাকার কারণে ফ্রান্স তারকা ইংলিশ লিগকে সরিয়ে স্প্যানিশ লিগে যেতে পারেন তারও কারণ উল্লেখ করেছেন তিনি। সাবেক ইংলিশ ফুটবলার অরনক বলেন, 'গেল ক'বছর লিভারপুল যেভাবে খেলছে তাতে সেরা ফুটবলারদের এখানে না আসার কারণ দেখি না। মানুষ এখন বিশ্বসেরা ফুটবলারদের এই ক্লাবের সঙ্গে যুক্ত করে অনেক গল্প বলতে চায়।'
তিনি বলেন, 'সেরা ফুটবলাররা কেন জার্গেন ক্লপের অধীনে খেলবে না? লিভারপুলের এখনকার পরিবেশ অসাধারণ। তেমনি তাদের কোচও। সর্বশেষ দুই মৌসুমে তারা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে। একটা ইউরোপিয়ান লিগের ফাইনাল উঠেছে। এই মুহূর্তে লিভারপুলে যাওয়া যেকোন ফুটবলারের জন্য আকাঙ্খার ব্যাপার হওয়া উচিত। এমবাপ্পে লিভারপুলে কেন আসবে না? প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারদের বিপক্ষে সে অবশ্যই নিজেকে পরীক্ষা করে দেখতে চাইবে।'
ফুটবলের বাজারে এমবাপ্পের দাম আকাশ ছোঁয়া। তাকে পেতে অনেক অর্থ খরচা করতে হবে। বার্সা এবং রিয়ালই এতো অর্থ দিয়ে তাকে দলে নিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আর্থিক দিক বিবেচনায় লিভারপুল-ম্যানসিটি বিশ্বের বড় ক্লাবগুলোর অন্যতম। অরনকের মতে, কারণ হতে পারে ব্যালন ডি'অর। সেরা ফুটবলারের পুরস্কার যে এই দুই ক্লাবেরই দখলে। তবে সেটাও স্প্যানিশ লিগের বাইরে আসা অসম্ভব নয় বলে মনে করেন সাবেক এই ডিফেন্ডার।
তার মতে, 'একটা সমস্যা হলো, ফুটবলাররা মনে করেন, রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনায় না গেলে ব্যালন ডি'অর পাওয়া যায় না। কিন্তু এটার ব্যতিক্রম ঘটবে না এটা কে বলেছে। ইউরোপিয়ান লিগে কৃতত্ব করা একটা দলের ফুটবলার কেনই বা পাবে না ব্যালন ডি'অর। এমবাপ্পের মতো ফুটবলারকে আপনি অবশ্যই প্রিমিয়ার লিগে দেখতে পছন্দ করবেন। আমি তাকে লিভারপুলে দেখতে চাই। এমবাপ্পে লিভারপুলে আসবে কি-না তার উত্তর কেবল এমবাপ্পেই জানে। তবে সে যদি দেখে যে, বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ জিততে পারছে না, তবে তার মন এই দুই ক্লাব থেকে সরে যেতে পারে।'