আলো কাড়ছেন ব্রাজিলের তরুণ স্ট্রাইকার
ছবি: মেট্রো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৫:২৫
গ্যাব্রিয়েল মার্টিনেল তার আগমনী বার্তা আগেই জানিয়ে দিয়েছেন। আর্সেনালে হয়ে খেলার সুযোগ পেলেই গোল করছেন। দলকে লিড এনে দিচ্ছেন নয়তো জেতাচ্ছেন। সোমবারও একাদশে ঢুকে দলের সমতা সূচক গোলটি করেছেন ব্রাজিলের ১৮ বছর বয়সী এই তরুণ স্ট্রাইকার।
গ্যাব্রিয়েল মার্টিনেল প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের শুরুর একাদশে জায়গা পান। এর আগে বেশ কিছু ম্যাচ খেললেও বদলি হিসেবে নেমেছেন তিনি। আর্সেনালের নতুন কোচ ফ্রেডিরিক এলজংবার্গ প্রথম ওয়েস্ট হ্যামের বিপক্ষে শুরুর একাদশে নামান তাকে।
কোচকে নিরাশ করেননি এই তরুণ। ম্যাচের ৬০ মিনিটের মাথায় ১-০ গোলে পিছিয়ে থাকা আর্সেনালকে সমতায় ফেরান তিনি। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-১ গোলে জেতে আর্সেনাল। দলের হয়ে শুরুর একাদশে খেলে আর্সেনালের সবচেয়ে তরুণ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।
আর্সেনালের হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডটা অবশ্য ফ্যাব্রিগাসের। তিনি ১৭ বছর ১১৩ দিন বয়সে আর্সেনালের হয়ে গোল করেন তিনি। মার্টিনেল শুরুর একাদশে নেমে সবচেয়ে কম বয়সে গোল করা ফুটবলার হলেন। এ নিয়ে মার্টিনেল আর্সেনালের হয়ে সব প্রতিযোগীতা মিলিয়ে ১৪ ম্যাচে ৮ গোল করলেন।
