ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

রোবট অলিম্পিয়াডে স্বর্ণসহ ১০ পদক বাংলাদেশের

রোবট অলিম্পিয়াডে স্বর্ণসহ ১০ পদক বাংলাদেশের
×

২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের সদস্যরা -সংগৃহীত

 অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯ | ১৩:১২

২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে শুক্রবার একটি স্বর্ণসহ মোট ১০টি পদক পেয়েছে বাংলাদেশ দলের খুদে সদস্যরা। তারা পেয়েছে একটি স্বর্ণ, দুটি রৌপ্য, ছয়টি ব্রোঞ্জ ও একটি কারিগরি পদক। থাইল্যান্ডের চিয়াংমাইয়ে এ প্রতিযোগিতা হয়। বাংলাদেশ সময় দুপুরে বিজয়ীদের পদক দেওয়া হয়।

স্বর্ণ পদক পেয়েছে ক্রিয়েটিভ ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে মোনামি দলের মীর উমাইমা হক ও আবরার শহীদ রাহিক। রোবট ইন মুভি ক্যাটাগরিতে চ্যালেঞ্জ গ্রুপে রোবো টাইগার্স ও লাইন ফলোয়িং অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জ গ্রুপে সিলভার পদক জেতে কাজী মোস্তাহিদ লাবিব, নাশীতাত যাইনাহ রহমান ও রাফিহাত সালেহ। এ ছাড়া ব্রোঞ্জ পদক জিতেছে যারিয়া মুসাররাত, যাহরা মাহযারীন পূর্বালী, সানি জুবায়ের, কাজী মোস্তাহিদ লাবিব, নাশীতাত যাইনাহ রহমান, রাফিহাত সালেহ, তাফসির তাহরীম, ছালওয়া মেহরীন, তাশরিক আহমেদ, মোহাম্মদ জারিফ মাহবুব তালুকদার, শিহাব সারার আহমেদ। রোবট ইন মুভি জুনিয়র গ্রুপে মোনামি দলের মীর উমাইমা হক ও আবরার শহীদ রাহিক জিতেছে কারিগরি পদক। গত বছর ফিলিপাইনে অনুষ্ঠিত অলিম্পিয়াডে একটি স্বর্ণপদক, দুটি অত্যন্ত প্রশংসিত পদক এবং একটি কারিগরি পদক পায় বাংলাদেশ।

এ বছর ১৬ ডিসেম্বর থেকে ১৪টি দেশের প্রতিযোগীদের নিয়ে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের ২১তম আসর বসে। ১৫ ডিসেম্বর ১৫ সদস্যের বাংলাদেশ দল সেখানে যোগ দেয়।

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি ও দলনেতা লাফিফা জামাল দ্বিতীয়বারের মতো অংশ নেওয়া বাংলাদেশ দলের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘ সময় নিয়ে প্রস্তুতি নেওয়ার কারণে শিক্ষার্থীরা আশানুরূপ সফলতা পেয়েছে। সহযোগিতার জন্য তিনি তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার বিভাগকে ধন্যবাদ জানান।

এ বছর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্বের আগে ২৫ জেলায় ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাকটিভেশন প্রোগ্রাম আয়োজন করা হয়। বাংলাদেশ দল নির্বাচনের জন্য এ আয়োজনগুলোতে প্রায় চার হাজার শিক্ষার্থী অংশ নেয়। সব অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় পর্বে ২১ জেলার ১৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৭৯ প্রতিযোগী অংশ নেয়। এরপর ক্যাম্প ও ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে দল নির্বাচন করা হয়। দলের সদস্যদের নিবিড় প্রশিক্ষণ দেয় মাকসুদুল আলম বিজ্ঞানাগার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস বিভাগ ও ইএমকে সেন্টার। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের আয়োজক।

আইসিটি বিভাগ, বিকাশ ও রূপালী ব্যাংক আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে। সিরেনা টেকনোলজিস, ইএমকে সেন্টার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, অ্যাম্বার আইটি, নাগরিক টিভি, ঢাকা এফএম, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা সহযোগী হিসেবে ছিল।

আরও পড়ুন

×