ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ব্রাজিলিয়ান ক্লাবকে হারালেই ইতিহাস লিভারপুলের

ব্রাজিলিয়ান ক্লাবকে হারালেই ইতিহাস লিভারপুলের
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৩:০১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৩:০৭

আরও একটি স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে লিভারপুল। দোহার খলিফা স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের প্রথম শিরোপার স্বাদ নিতে আজ নামবে অলরেডরা। আজকের ফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্লেমিঙ্গো। ছয়বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলেও এখনও ক্লাব বিশ্বকাপের দেখা পায়নি ইংলিশ জায়ান্টরা। ইয়ুর্গেন ক্লপের নেতৃত্বে বদলে যাওয়া লিভারপুল কি পারবে ব্রাজিলিয়ান ক্লাবটিকে হারিয়ে স্বপ্ন পূরণ করতে!

অলরেডদের স্বপ্ন সারথি কিন্তু ব্রাজিলিয়ানরাই। সেমিফাইনালে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিরমিনোর শেষ মুহূর্তের গোলেই মেক্সিকান ক্লাব মন্টেরিকে হারিয়েছিল লিভারপুল। আজও সাদিও মানে-মোহামেদ সালাহ-রবার্তো ফিরমিনোর আক্রমণ ভাগই অলরেডদের ভরসা। গোলপোস্টের নিচে আছেন আরেক ব্রাজিলিয়ান অ্যালিসন বেকার। তারকা এ গোলরক্ষক তো ক্লাব বিশ্বকাপ জয়কে স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা হিসেবে বর্ণনা করেছেন, 'চ্যাম্পিয়ন্স লিগ জেতায় আজ আমরা এখানে, ফ্লেমিঙ্গো কোপা লিবারতাদোরেস জিতে এসেছে। ব্রাজিলিয়ানদের জন্য যে কোনো শিরোপাই অনেক বড় বিষয়।

তবে লিভারপুলের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অলরেডরা কখনোই এ শিরোপা জেতেনি। আমরা ইতিহাস গড়তে চাই।' লিভারপুল যেমন ইংলিশ লিগে দারুণ ফর্মে আছে, ফ্লেমিঙ্গোও কম যাচ্ছে না। গত মাসের শেষ দিকে রিভার প্লেটকে হারিয়ে কোপা লিবারতাদোরেস জেতার চব্বিশ ঘণ্টার মধ্যে ব্রাজিলিয়ান লিগ শিরোপাও জিতেছে তারা। দুর্দান্ত ফর্মে আছেন তাদের স্ট্রাইকার গ্যাব্রিয়েল বারবোসা। এ ছাড়া ফেলিপে লুইজ, এভারটন রিভেইরো, রাফিনহা ও দিয়াগোর মতো জাতীয় দলের অভিজ্ঞতাসম্পন্ন তারকারা আছেন।

আরও পড়ুন

×