ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

লিভারপুলের শিরোপার কোটা পূরণ

লিভারপুলের শিরোপার কোটা পূরণ
×

ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ০২:০১

ইংলিশ ক্লাবের মধ্যে রেকর্ড চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ, লিগ কাপ জিতেছে লিভারপুল। ঘরে তুলেছে গোটা ১৫ এফএ কমিউনিটি শিল্ড, শোকেজে সাজানো এক সারি এফএ কাপের শিরোপা। কিন্তু লিভারপুলের মিউজিয়ামে ছিল না কোন ক্লাব বিশ্বকাপ। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে রর্বাতো ফিরমিনো ৯৯ মিনিটে গোল করে সেই শিরোপা এনে দিলেন অল রেডসদের।

দ্বিতীয় ইংলিশ দল হিসেবে ক্লাব বিশ্বকাপ জিতে ইতিহাস গড়লেন জার্গেন ক্লপের দল। এক ব্রাজিলিয়ানের গোলে চতুর্থ ব্রাজিলিয়ান ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপে রানার্স আপ হলো ফ্লেমিঙ্গো। এর আগে ভাস্কো দা গামা, সান্তোস এবং গ্রেমিও ফাইনালে গিয়ে কাটা পড়ে।

সর্বশেষ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন লিভারপুল। লিগে শেষ করে দ্বিতীয় অবস্থানে থেকে। ওদিকে চলতি মৌসুমে লিগে শীর্ষে আছে লিভারপুল। তাদের বিপক্ষে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেমিঙ্গো দুর্দান্ত লড়াই শুরু করে। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে পারেনি কোন দল। কিন্তু লিভরাপুলকে আটকাতে ফ্লেমিঙ্গো রক্ষণাত্মক ফুটবল খেলেছে বলার জো নেই। বলের দখল, পাস, গোলে শট নেওয়া সবদিক থেকে লিভারপুলের সঙ্গে পাল্লা দিয়েছে ফ্লেমিঙ্গো।

ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিরমিনোর গোলে ক্লাব বিশ্বকাপ জিতে ইতিহাস লিভারপুলের। ছবি: গোল

তবে লিভারপুলের আক্রমণগুলো ছিল বেশ সাজানো। বিশেষ করে শুরুর ১০ মিনিটে তিন তিনটা সুযোগ পায় অল রেডসরা। এর মধ্যে অন্তত একটা গোল তারা পেয়ে যেতে পারত। অন্যদিকে দ্বিতীয়ার্ধের শুরুতে লিভারপুলের পক্ষে পেনাল্টির বাঁশি দেন রেফারি। সাদিও মানে বার্সেলোনা থেকে ফ্লেমিঙ্গোতে যাওয়া রাফিনহার ফাউলের শিকার হন বলে বাঁশি বাজান রেফারি। কিন্তু পেনাল্টি না ফ্রি কিক সেই সিদ্ধান্ত নিতে গিয়ে ভিএআরের দারস্থ হন রেফারি। দেখেন যে ফাউলই হয়নি।

ম্যাচের সময় গড়াতে থাকে রংও চড়তে থাকে। অরিতিক্ত সময়ের প্রথমার্ধের খেলা দেখে মনে হচ্ছিল ম্যাচ টাইব্রেকারে গড়াবে। কিন্তু তার আগেই ববি ফিরমিনো গোল করে অল রেডসদের অধরা ক্লাব বিশ্বকাপের শিরোপা এনে দেন। এর আগে ২০০৮ সালে একমাত্র ইংলিশ দল হিসেবে ক্লাব বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এবার তাদের পাশে বসল লিভারপুল।

আরও পড়ুন

×