বার্সা ত্রিফলার সঙ্গে উজ্জ্বল পিএসজি ত্রয়ী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ০২:৩৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ | ০২:৪৪
ত্রয়ী বলা হোক কিংবা ত্রিফলা। চলতি ইউরোপিয়ান শীর্ষ লিগের সেরা আক্রমণের জুটি সম্ভবত বার্সেলোনা এবং লিভারপুলের। মেসি, সুয়ারেজ এবং গ্রিজম্যান নিয়ে যেমন শক্ত আক্রমণভাগ বার্সার। তেমনি সালাহ, ফিরমিনো এবং মানেকে নিয়ে ভয় ধরানো আক্রমণভাগ লিভারপুলের। রিয়াল মাদ্রিদের মতো দল চলতি মৌসুমে তাদের আক্রমণভাগের জুটি ঠিক করতে পারেনি। তবে পিএসজি পেয়ে গেছে নতুন ত্রিফলা। নেইমার, এমবাপ্পের সঙ্গে ইকার্দির রসায়ন জমেছে বেশ।
শনিবার রাতের ম্যাচে বার্সেলোনা তাদের ত্রিফলার গোলে চলতি বছরের শেষ লিগ ম্যাচে পেয়েছে দারুণ এক জয়। আর পিএসজি তাদের নতুন আক্রমণভাগ দিয়ে তুলে নিয়েছে জয়। পিএসজির তরুণ তারকা এমবাপ্পের জোড়া গোল এবং নেইমার-ইকার্দির ঝলকে ৪-১ গোলে এমিয়েন্সকে হারিয়েছে টমাস টাখেলের দল। অন্যদিকে গ্রিজম্যানের শুরুর গোল। প্রথমার্ধে ভিদালের এক গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের মেসি-সুয়ারেজের গোলে ৪-১ গোলে আলাভেজকে হারিয়েছে বার্সেলোনা। লিগে উঠেছে শীর্ষে।
লিওনেল মেসি ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে ২০১৯ সালে পূর্ণ করেছেন তার অর্ধশত গোল। শনিবার মাঠে গড়িয়েছে আরও কিছু বড় ম্যাচ। ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়েছে লিগে দুইয়ে থাকা লেস্টার সিটিকে। দারুণ এই জয়ে তিনে থাকা ম্যানসিটি মাত্র এক পয়েন্টে পিছিয়ে আছে লেস্টারের চেয়ে। দলের হয়ে রিয়াদ মাহরেজ, গুন্ডোগান এবং গ্যাব্রিয়েল জেসুস গোল করেছেন। অন্যদিকে ইতালিয়ান লিগে ইন্টার মিলান ৪-০ গোলে হারিয়েছে জেনোয়াকে। রোমা ৪-১ গোলে জয় পেয়েছে ফিউরেন্টিনার বিপক্ষে।
- বিষয় :
- খেলা
- ফুটবল
- বার্সা-আলাভেজ
- মেসি
- পিএসজি
- নেইমার-এমবাপ্পে
