ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

হোল্ডারের ডাবল হ্যাটট্রিকে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

হোল্ডারের ডাবল হ্যাটট্রিকে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের
×

বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক করেন হোল্ডার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২ | ০৪:০৯ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ | ০৪:০৯

সিরিজ নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে একাই বিধ্বস্ত করলেন জেসন হোল্ডার। ঘরের মাঠে হোল্ডারের অবিশ্বাস্য বোলিংয়ের সুবাদে ইংল্যান্ডকে শেষ ম্যাচে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ এবং সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে।

হোল্ডার হ্যাটট্রিকসহ পরপর চার বলে চার উইকেট নিয়ে দুর্দান্ত নজির গড়েন। হোল্ডার ২০তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ক্রিস জর্ডন, স্যাম বিলিংস ও আদিল রশিদের উইকেট নিয়ে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন। ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক করা ওয়েস্ট ইন্ডিজের প্রথম বোলারে পরিণত হন হোল্ডার। পরে পঞ্চম বলে হোল্ডার ফিরিয়ে দেন সাকিব মেহমুদকে। সুতরাং, টানা চার বলে ৪টি উইকেট নিয়ে হোল্ডার ডাবল হ্যাটট্রিক পূর্ণ করেন এবং সেই সঙ্গে ইংল্যান্ডের ইনিংসে দাঁড়ি টেনে দেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।

টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৯ রান সংগ্রহ করে। ব্রেন্ডন কিং ৩৪, কাইল মায়ের্স ৩১, রোমারিও শেফার্ড ৬, নিকোলাস পুরান ২১, কায়রন পোলার্ড অপরাজিত ৪১ ও রোভম্যান পাওয়েল অপরাজিত ৩৫ রান করেন। আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন ২টি করে উইকেট নেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ইংলিশরা। ১৯.৫ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায় তারা। জেমস ভিন্স ৫৫, স্যাম বিলিংস ৪১, টম ব্যান্টন ১৬ ও মইন আলি ১৪ রান করেন। হোল্ডার ২.৫ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই হোল্ডারের সেরা বোলিং পারফর্ম্যান্স।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম এবং বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক করেছেন তিনি। এর আগে ডাবল হ্যাটট্রিক রয়েছে রশিদ খান, লাসিথ মালিঙ্গা এবং কুর্টিস ক্যাম্ফারের।

আরও পড়ুন

×