আজ ফাইনাল নতুন চ্যাম্পিয়ন পাবে বিপিএল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০ | ১৩:৪১
শেরেবাংলা স্টেডিয়ামে গতকালের ট্রফি উন্মোচন অনুষ্ঠানটি বেশ প্রাণবন্তই
ছিল। বিপিএল শুরুর আগে অধিনায়কদের পরিচিতি পর্বের মতো হযবরল ছিল না। খুলনা
টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম ও রাজশাহী রয়্যালসের দলনেতা আন্দ্রে
রাসেল খোশমেজাজেই ট্রফির পর্দা তোলেন। আজ অবশ্য একজনের মুখে হাসি থাকবে না।
বাড়ি ফিরতে হবে না-পাওয়ার আক্ষেপ নিয়ে। কার হাতে উঠবে ইংল্যান্ডের বিখ্যাত
'ইংকারম্যান' কোম্পানি থেকে বানিয়ে আনা 'বঙ্গবন্ধু বিপিএল'-এর চমৎকার
ট্রফিটি! মুশফিক, নাকি রাসেলের হাতে? যার হাতেই উঠুক, নতুন চ্যাম্পিয়ন
পাচ্ছে বিপিএল।
গত ছয় আসরে বিপিএল শিরোপা ভাগাভাগি হয়েছে তিনটি দলের মধ্যে। প্রথম দুই আসরে
চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস। তৃতীয় আসরে শিরোপা যায় কুমিল্লা
ভিক্টোরিয়ান্সের হাতে। চতুর্থ আসরে আবার ঢাকার হাতে। এবার ঢাকা ডায়নামাইটস
নামে শিরোপা জেতে দলটি। পঞ্চম আসরে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। আর গতবার
দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার সাবেক তিন
চ্যাম্পিয়ন দলের কেউ ফাইনালেই উঠতে পারেনি।
বিপিএলে না পাওয়ার আক্ষেপ মুশফিকের বেশি। গত ছয় আসরে নিজে ভালো খেললেও
প্রতিবারই ব্যর্থ হয় তার দল। যে কারণে গত ছয় আসরে একবারও ফাইনাল খেলা হয়নি
তার। সাতবারের চেষ্টায় সফল হলেন মুশফিক। এবার তিনি ব্যাট হাতে দুর্দান্ত
পারফর্ম করছেন, এবারের আসরে সর্বোচ্চ রানের দৌড়ে শীর্ষে তিনি। নেতৃত্বে
দিচ্ছেন সামনে থেকে। সপ্তমবারের চেষ্টায় ফাইনালে এসে যদি শূন্যহাতে ফিরতে
হয়, তাহলে দুঃখের শেষ থাকবে না মুশফিকের। গতকাল ট্রফি উন্মোচনের সময়ই তার
চোখেমুখে ছিল খুশির আভা। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। ফাইনাল থেকে
মনোযোগ যেন সরে না যায় সে কারণেই হয়তো মিডিয়া থেকে দূরে ছিলেন মুশফিক। তবে
খুলনার কোচ জেমস ফস্টার তার দলের কাছ থেকে স্মার্ট ক্রিকেট প্রত্যাশা
করছেন। ফস্টারের মতে, দুই দলের বোলিংই বেশ ভারসাম্যপূর্ণ। তাই লড়াইটা
বোলারদের মধ্যে হবে বলেই ধারণা তার। আমির-শফিউলদের সমন্বয়ে খুলনার বোলিং
বেশ ধারালো। তবে তাদের আসল শক্তি ব্যাটিং। মুশফিক ও রুশো হলেন তাদের আসল
অস্ত্র। সব মিলিয়ে দারুণ ব্যালান্সড দল খুলনা। তাই শিরোপা জেতার বিষয়ে বেশ
আত্মবিশ্বাসী কোচ ফস্টার, 'আমরা যতটা সম্ভব নিজেদের প্রস্তুত করে নিয়েছি,
আমরা বেশ আত্মবিশ্বাসী। গত চারটি ম্যাচ আমাদের জন্য নকআউটের মতো ছিল।
প্রতিটিতেই জয় পেয়েছি আমরা। তাই দারুণ ছন্দেও আছি আমরা। ফাইনালে সেটা ধরে
রাখতে পারলেই হবে।'
মুশফিকের হাতে শিরোপা ওঠার ক্ষেত্রে প্রধান বাধা নিশ্চিতভাবেই আন্দ্রে
রাসেল। ক্যারিবিয়ান এ টি২০ দানব কী করতে পারেন, সেটা চট্টগ্রামের বিপক্ষে
দ্বিতীয় কোয়ালিফায়ারে আবার প্রমাণ করে দিয়েছেন। আজও রাসেল-ঝড় উঠলে
শূন্যহাতেই বিদায় নিতে হবে মুশফিককে। গতকাল ট্রফি উন্মোচনের পর রাসেল
জানিয়েছেন, ফাইনালে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না। তিনি বলেন, 'ফাইনালে
যাওয়া প্রতিটি দলেরই প্রত্যাশা থাকে জয়ের। আমাদের মাথাতেও জয় ছাড়া কিছু
নেই। গত ম্যাচেও আমরা দল হিসেবে খেলেছি। ফাইনালেও প্রতিপক্ষকে দল হিসেবেই
মোকাবিলা করব।' এবার গ্রুপ পর্বে পরস্পরের মোকাবিলায় উভয় দল একবার করে
জিতেছে। তবে প্রথম কোয়ালিফায়ার জিতেছিল খুলনা।
- বিষয় :
- বিপিএল
