ইউটিউব থেকে আয়ের নতুন শর্ত
২৪ আগস্ট থেকে ফাস্ট-ফ্রেম বা এক্সপ্লোজার বেজড মডেল সক্রিয় করছে ইউটিউব
সাব্বিন হাসান
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১২:৩১ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬ | ২১:২২
আজ থেকে পাবলিক ভিউ গণনার ক্ষেত্রে ফাস্ট-ফ্রেম বা এক্সপোজার বেজড মডেল সক্রিয় করছে ইউটিউব। নতুন নিয়মে কোনো ভিডিও প্লে হওয়া মাত্র, অর্থাৎ প্রথম ফ্রেম দর্শকের সামনে চলে এলেই সেটি ভিউ হিসেবে গণনা করা হবে। ফলে দর্শক কোনো ভিডিওতে প্রবেশের কয়েক মুহূর্তের মধ্যে চলে গেলেও পাবলিক ভিউ গণনায় সেই প্লের প্রতিফলন রয়ে যাবে। পরিবর্তনের মূল লক্ষ্য হলো ইউটিউবের কয়েকটি কনটেন্ট ফরম্যাটের মধ্যে ভিউ গণনার পদ্ধতি আরও যৌক্তিক করা। ইতোমধ্যে শর্টসের ক্ষেত্রে ইউটিউব এ ধরনের গণনা পদ্ধতি চালু করেছে। সূত্র বলছে, ২০২৫ সালের ৩১ মার্চ থেকে শর্টসের ভিউ গণনায় কোনো ন্যূনতম ওয়াচ টাইমের প্রয়োজন হয় না; কোনো শর্টস প্লে বা রিপ্লে শুরু হলেই তা ভিউ হিসেবে গণনার আওতায় পড়ে।
পুরোনো ভিডিওর কী হবে
ক্রিয়েটরস ও পাবলিশারদের জন্য এটি সবচেয়ে জরুরি। এর আগে আপলোড করা ভিডিওর পাবলিক ভিউ গণনার নতুন নিয়ম অনুযায়ী পুনরায় গণনা করা হবে না। এর অর্থ, পুরোনো ভিডিওর এতদিন পর্যন্ত জমা হওয়া ভিউ সংরক্ষিত থাকবে। তবে ২৪ আগস্টের পর সেই পুরোনো ভিডিওতে নতুন করে যে প্লে হবে, তা নতুন ভিউ গণনার পদ্ধতির আওতায় আসবে।
ফলে একই ভিডিওর ক্ষেত্রে পুরোনো ভিউ ও পরিবর্তনের পরে পাওয়া নতুন ভিউ– এ দুই সময়ের গণনা পদ্ধতির মধ্যে তুলনামূলক পার্থক্য দৃশ্যমান হবে।
দ্রুত বাড়বে পাবলিক ভিউ
নতুন নিয়মে সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে পাবলিক ভিউ গণনা পদ্ধতিতে। আগে দর্শক ভিডিওতে প্রবেশের পর কতটা সময় তা দেখেছেন, সেটি ভিউ গণনার ক্ষেত্রে জরুরি ছিল। কিন্তু এখন প্লে শুরু হওয়ার শর্ত পাবলিক ভিউয়ের ভিত্তি হওয়ায় ভিউ গণনা অপেক্ষাকৃত দ্রুত বাড়তে পারে। বিশেষ করে নিউজ, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস ও অন্যসব হাই ভলিউম পাবলিশিং চ্যানেলের ক্ষেত্রে এই পার্থক্য দৃশ্যমান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
ইউটিউবের বর্তমান অ্যানালিটিকস কাঠামোতে ভিউ, ওয়াচ টাইম, গড় ভিউ সময়, ইউনিক ভিউয়ারস ও অন্যসব এনগেজমেন্ট মেট্রিক আলাদাভাবে প্রদর্শিত হয়।
কী বলে এনগেজমেন্ট ভিউ
পাবলিক ভিউ ও এনগেজমেন্ট আদতে ভিন্ন দুটি বিষয়। ইউটিউবের অ্যানালিটিকসে এনগেজড ভিউজ এমন দর্শককে বোঝায়, যেখানে দর্শক ভিডিওর সূচনা মুহূর্ত পেরিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন। শর্টসের জন্য এনগেজড ভিউজ ব্যবহার করে সেই দর্শকের আলাদা করে তালিকা করা হতো, যারা শুধু সোয়াইপ না করে কনটেন্ট দেখেছেন। পাবলিক ভিউ সংখ্যায় বাড়লেও তার অর্থ এই নয় যে, একই অনুপাতে দর্শকের এনগেজমেন্ট বেড়েছে। কনটেন্ট পারফরম্যান্স বিশ্লেষণে এখানে নতুন নিয়মটি প্রযোজ্য হবে।
মনিটাইজেশন নিয়ে সংশয়
নতুন ভিউ গণনার কারণে দৃশ্যমান প্রত্যক্ষ আয়ে পরিবর্তন ফেলবে না। ইউটিউব অ্যানালিটিকসে প্রত্যাশিত আয়, প্রদর্শিত ঘণ্টা ও অন্যসব পারফরম্যান্স নিয়ামক আলাদাভাবে পরিমাপ করা হয়। ইউটিউব পার্টনার প্রোগ্রামবিষয়ক যোগ্যতা ও আয়ের ক্ষেত্রে শুধু পাবলিক ভিউ গণনা দেখলেই কোনো চ্যানেলের বাস্তব সক্ষমতা অনুমান করা যায় না। তাই কোনো কনটেন্টে পাবলিক ভিউ হুট করে বেড়ে গেলে একে সরাসরি রাজস্ব বৃদ্ধির নিয়ামক বিবেচনা করা যাবে না।
বিজ্ঞাপনে প্রভাব
নতুন পরিবর্তনে বড় প্রভাব পড়তে পারে মিডিয়া প্ল্যানিং, ব্র্যান্ড রিপোর্টিং ও পৃষ্ঠপোষকতার পরিমাপে। যদি পাবলিক ভিউ মূলত এক্সপ্লোজার বা প্লে স্টার্টের প্রতিফলন হয়, তাহলে ব্র্যান্ড বা অ্যাডভাইজারকে শুধু ভিউ গণনার হিসাব দিয়ে প্রচারণার দর্শক প্রভাব বোঝানো আগের তুলনায় কঠিন হতে পারে। বলা যায়, জনপ্রিয় হওয়া একটি ভিডিওর পাবলিক ভিউ যদি ১০ লাখ হয়, তার অর্থ এই নয় যে ১০ লাখ দর্শক ভিডিওর উল্লেখযোগ্য বা পুরোটা অংশ দেখেছেন।
নিউজ চ্যানেলের জন্য জরুরি
নিউজ পাবলিশারদের ক্ষেত্রে এ পরিবর্তনে অনেক বেশি প্রভাব পড়বে। সাধারণত ব্রেকিং নিউজ ভিডিও প্রকাশের পর যদি দর্শকের সামনে ভিডিও দ্রুত প্লে শুরু হয়, তাহলে পাবলিক ভিউ গণনা দ্রুত বাড়তে পারে। কিন্তু সেই সংখ্যা বিবেচনা করে দর্শক কতটা সময় সংবাদটি দেখেছেন, তা বোঝা যাবে না।
তাই এডিটোরিয়াল ও ডিজিটাল কর্মীর জন্য রিপোর্টিং স্ট্রাকচারে জরুরি পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে। আগে ভালো পারফরম্যান্সের প্রধান নিয়ামক ছিল ভিউ। কিন্তু আগামীতে এ সমীকরণ অনেকটা বদলে যেতে চলেছে। সামনে ভিউজ, এনগেজড ভিউজ, ওয়াচ টাইম, রিটেনশন– এই চারটি নিয়ামকের ওপর নির্ভর করবে প্রকৃত জনপ্রিয়তা ও আয়ের অঙ্ক।
ভিউ গণনায় প্রভাব
ইউটিউব স্টুডিওতে অ্যানালিটিকসের কয়েকটি রিপোর্ট ব্যবহার করে পাবলিক ভিউয়ের সঙ্গে এনগেজমেন্ট ও ওয়াচ টাইম বিশ্লেষণ করা যাবে। অ্যাডভান্সড মোড ব্যবহার করে বিশদভাবে ডেটার তুলনা ও এক্সপোর্ট করা যায়। নির্ধারিত দিনের পর থেকে মান্থ-অন-মান্থ পারফরম্যান্স তুলনা করার সময় সতর্ক থাকতে হবে।
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পাবলিক ভিউ সরাসরি তুলনা করলে ভিউ গণনার ম্যাথডোলজির পরিবর্তনের প্রভাব দৃশ্যমান হবে। আগামীতে দীর্ঘমেয়াদি পারফরম্যান্স বিশ্লেষণের ক্ষেত্রে একই ধরনের নিয়ামক ব্যবহার করে তুলনা করা বেশি নির্ভরযোগ্য হবে।
অনেকের ধারণা, এই পরিবর্তনের ফলে ইউটিউব কি ভিউ বাড়িয়ে প্রদর্শন করবে। একে আবার সরাসরি ফেক ভিউ বলা যাবে না। ইউটিউব বৈধ প্লেকে কয়েকটি পদ্ধতিতে গণনা করছে। পাবলিক ভিউ এখন বেশি করে এক্সপ্লোজার/প্লে স্টার্টকে প্রতিফলিত করবে। ইউটিউব এখনও বৈধ ভিউ, দর্শক আচরণ ও এনগেজমেন্টের মতো কিছু উপাত্ত (মেট্রিক) আলাদা করে পরিমাপ করছে। তাই পাবলিক ভিউ বেড়ে যাওয়া মানেই আবার ফেক ভিউ নয়; বরং ভিউ গণনা পদ্ধতির দৃষ্টিভঙ্গি বদলে যেতে চলেছে।
ভিউ হলেই আয় বাড়বে না
পাবলিক ভিউ গণনা করে কনটেন্টের সাফল্য বিচার করার দিন অচিরে ফুরাতে চলেছে। ভিডিও ১০ লাখ পাবলিক ভিউ পেলেও যদি গড় ভিউ সময় কম হয় ও অডিয়েন্স উপস্থিতি কম হয়, তাহলে সেই কনটেন্টের প্রকৃত এনগেজমেন্ট ও আয়ের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে।
অন্যদিকে, কম পাবলিক ভিউ পাওয়া ভিডিও যদি দীর্ঘক্ষণ দর্শক আকৃষ্ট করে, টানা ভিডিও দেখা ও ভালো সাবস্ক্রাইবার ও কথোপকথন তৈরি করে, তাহলে সেটি বাস্তবে ভালো আয়যোগ্য কনটেন্ট হিসেবে বিবেচিত হবে। সুতরাং ভবিষ্যতের ইউটিউব স্ট্রাটেজিতে লক্ষ্য শুধু ভিউকেন্দ্রিক হওয়া উচিত নয়; বরং প্রকৃত দর্শক বাড়ানো, পুরো কনটেন্ট উপভোগ্য করা ও ভিডিও দেখার ঘণ্টার পরিসর বাড়ানো– এসব উপাত্তের ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছে ইউটিউব।
- বিষয় :
- ইউটিউব