ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণ জয়

টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণ জয়
×

ছবি-সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ২১:১৭

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বালক দল। এতে ২১-২৭ জুন ওমানে অনুষ্ঠেয় আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের টিকিট কেটেছে দলটি।

ভারতের হিমাচল প্রদেশের শিমলায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বাংলাদেশ শক্তিশালী শ্রীলঙ্কাকে ৩-১ সেটে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং নিশ্চিত করে স্বর্ণপদক। গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল সমান ৫ পয়েন্ট অর্জন করলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে শ্রীলঙ্কার ভিয়ানদুয়া আকাইনের কাছে ২-৩ গেমে হেরে যান বিকেএসপির আবুল হাসেম হাসিব। তবে পরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নাফিজ ইকবাল ৩-০ গেমে দানুক লামাসুরিয়াকে পরাজিত করেন। এরপর জয় ইসলাম ৩-০ ব্যবধানে মুনাসিংহা হারিনকে হারিয়ে দলকে এগিয়ে নেন। শেষ ম্যাচে দলের অধিনায়ক নাফিজ ইকবাল ৩-১ গেমে ভিয়ানদুয়া আকাইনকে হারিয়ে নিশ্চিত করেন স্বর্ণজয়।

অন্যদিকে অনূর্ধ্ব-১৫ বালক দল নেপালকে ৩-১ এবং মালদ্বীপকে ৩-০ সেটে হারালেও শ্রীলঙ্কার কাছে ০-৩ সেটে পরাজিত হয়েছে। তাদের সামনে শক্তিশালী ভারতের বিপক্ষে শেষ ম্যাচ বাকি রয়েছে।

অনূর্ধ্ব-১৯ বালিকা দল মালদ্বীপ (১-৩), নেপাল (০-৩) ও শ্রীলঙ্কার (১-৩) বিপক্ষে পরাজিত হয়েছে। তাদের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। অনূর্ধ্ব-১৫ বালিকা দল শ্রীলঙ্কার কাছে ০-৩ এবং নেপালের কাছে ২-৩ সেটে হেরে গেছে। তাদের সামনের ম্যাচ মালদ্বীপ ও ভারতের বিপক্ষে।

আরও পড়ুন

×