পাহাড় ঘেরা সিমলায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০১:২২ | আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৩:৪৯
ভ্রমণের জন্য শীত তুলনামূলকভাবে আরামদায়ক ঋতু। এ কারণে শীতের শুরু থেকেই অনেকেই পরিবার কিংবা বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন। যারা দেশের বাইরে বেড়ানোর পরিকল্পনা করছেন এই শীতে তারা অপেক্ষাকৃত কম খরচে যেতে পারেন ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলায়।

পাহাড় ঘেরা সিমলা দম্পতি, পরিবার-পরিজন কিংবা বন্ধুদের নিয়ে বেড়ানোর জন্য অন্যতম আকর্ষণীয় একটি স্থান।
যারা বরফ ঘেরা শহর দেখতে আগ্রহী তারা দূরদূরান্তে না গিয়ে এ সময় যেতে পারেন সিমলায়। পাহাড়ের চূড়া কিংবা সিমলা শহর এ সময় বরফে আচ্ছাদিত থাকে। এ ছাড়া পাহাড় এবং সবুজে ঘেরা সিমলার সৌন্দর্য দেখতে সারাবছরই এখানে ভ্রমণপিপাসুদের ভিড় লেগে থাকে। তবে ঘোরাঘুরির জন্য এখানে গরমকালে গেলেই ভালো।

ভারতের বিভিন্ন অঞ্চলের তুলনায় এখানকার রেস্তোরাঁ এবং হোটেলে থাকা-খাওয়ার খরচ কম। এ শহরের সরু গলি কিংবা পথের বাঁকে ছড়িয়ে আছে প্রকৃতির ছোঁয়া।
প্রকৃতির পাশাপাশি সিমলায় ঐতিহাসিক ছাপও পাওয়া যায় উপনিবেশ যুগের ভবনগুলো থেকে। প্রাণবন্ত স্থানীয় জীবন, ছোট ছোট সাজানো দোকান পর্যটকদের বাড়তি আনন্দ যোগ করবে। এখানকার শপিংমলে স্থানীয়দের হাতে তৈরি কাপড়, শাল, মাটির তৈজসপত্র, অলংকার ছাড়াও নানা ধরনের সুভেনিয়র পাওয়া যায়। আকাশপথ ছাড়াও বাসে-ট্রেনে সিমলায় যাওয়া যায়। সে ক্ষেত্রে অনেকটা সময় পথেই চলে যাবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
- বিষয় :
- ভ্রমণ