ঘাস ক্ষেতে পড়ে ছিল স্কুলছাত্রের হাত-পা বাঁধা লাশ
ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২২ | ০৭:১০ | আপডেট: ০২ এপ্রিল ২০২২ | ০৭:১০
ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের একটি ঘাস ক্ষেত থেকে সাব্বির বিশ্বাস (১৫) নামে এক কিশোরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয় উত্তর দয়ারামপুর একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাব্বির জেলার চরমাধবদিয়া ইউনিয়নের আছিরুদ্দিন মুন্সিরডাঙ্গী গ্রামের হতদরিদ্র ঘোড়া গাড়ির চালক আলমগীর বিশ্বাসের ছেলে। সে অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পাশাপাশি পড়াশোনার খরচ জোগাতে অটোরিকশা চালাতো।
সাব্বিরের চাচা জাহাঙ্গীর বিশ্বাস জানান, সাব্বির গোলডাঙ্গির পদ্মার চর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। শুক্রবার সকালে বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হয় সাব্বির। এরপর আর তার খোঁজ মিলছিলো না। তিনি বলেন, তাদের কোনো শত্রু নেই। সাব্বিরকে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে যায় কে বা কারা।
জানা যায়, শুক্রবার সকালে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সাব্বির। পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবার-পরিজন বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছিল। শনিবার সকালে একটি ঘাসের ক্ষেতে সাব্বিরের লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে।
