ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সেই আ'লীগ নেতা বললেন, ‘তোমার আঙুল কিন্তু টিপ দেব আমি, ওটাই সুষ্ঠু ভোট’

সেই আ'লীগ নেতা বললেন, ‘তোমার আঙুল কিন্তু টিপ দেব আমি, ওটাই সুষ্ঠু ভোট’
×

মাইক হাতে মুজিবুল হক চৌধুরী- ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ জুন ২০২২ | ১৩:০৪ | আপডেট: ০৩ জুন ২০২২ | ১৩:১০

আবারও বিতর্কিত বক্তব্য দিয়েছেন বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের নৌকার প্রার্থী মুজিবুল হক চৌধুরী। ইভিএম নিয়ে এক বিএনপি নেতার জিজ্ঞাসার সূত্র ধরে নির্বাচনী সমাবেশে তিনি বলেছেন, ‘ইভিএম মানে কী জানো? তোমার আঙুল, কিন্তু আমি টিপ দেব। ওটাই হলো সুষ্ঠু ভোট।’ শুক্রবার এমন বক্তব্যের ৫৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর পাঁচদিন আগে ইভিএমের বাটন টিপে দেওয়ার জন্য লোক রাখবেন বলে মন্তব্য করেছিলেন তিনি। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচন কমিশন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চাম্বল ইউনিয়নের সিকদারপাড়ায় এক বাড়ির আঙিনায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন মুজিবুল হক চৌধুরী। সেখানে চট্টগ্রামের ভাষায় তাকে বলতে শোনা যায়, ‘এখানে সুষ্ঠু করি আমরা, অসুষ্ঠু করিও আমরা। আমরা বললে সুষ্ঠু, না বললে অসুষ্ঠু। যেদিকে যায় সেদিকে।’

তিনি আরও বলেন, ‘পৌরসভার ভোটের সময় আমাকে এক বিএনপি নেতা ফোন দিয়েছিল। আমি বললাম, কী জন্য কথা বলছ বাবাজি। সে বলে, কেন সুষ্ঠু ভোট হবে বলেছে। আমি তাকে বললাম, সুষ্ঠু ভোট হবে তোমাকে কি লিখিত দিয়েছে সরকার? ইভিএমে ভোট হবে। ইভিএম মানে কি জানো? তোমার আঙুল আমি টিপ দেব। ওটা হলো সুষ্ঠু ভোট।’

নির্বাচনের সবার ভোট দিতে যাওয়ার দরকার নেই মন্তব্য করে মুজিবুল হক বলেন, ‘মুসলমানের কাজ হলো একজন নামাজ পড়বে, পেছনে পাঁচ হাজার নামাজ পড়বে। এত মানুষের ভোট দেওয়ার দরকারও নেই।’

এ প্রসঙ্গে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বলেন, ‘মুজিবুল হকের বক্তব্যের নতুন ভিডিও দেখেছি। তবে তিনি কবে এ বক্তব্য দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি ইসিকে অবহিত করা হবে।’

এর আগে ২৮ মে এক নির্বাচনী সভায় বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন তিনি। এ ঘটনায় নির্বাচন কমিশন থেকে কারণ দর্শাতে বলা হয়। এছাড়া জেলা প্রশাসক ও পুলিশকে ঘটনার সত্যতা যাচাই করে পৃথক তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়।

আরও পড়ুন

×