হবিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ২৩:২৩
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কুদরত আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি ডাকাত সদস্য ছিলেন।
মঙ্গলবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী পুরাসুন্ধা বাঁশবাগান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ডাকাত হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের ওমর আলীর ছেলে। এ ঘটনায় হবিগঞ্জ ডিবির ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, কুদরতসহ ১০/১২ জনের একদল ডাকাত পুরাসুন্ধা বাঁশবাগান এলাকায় বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশ ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতদল পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যান কুদরত। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুইটি রামদা, পাঁচ রাউন্ড গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আহত অবস্থায় হবিগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম, মোজাম্মেল হক এবং কনস্টেবল রনি, জয়নুল হক, রিপন ও নুরুল ইসলামকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সহকারী পুলিশ সুপার আরও জানান, কুদরতের বিরুদ্ধে হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় ১৩টি ডাকাতির মামলা রয়েছে। তিনি আন্তঃবিভাগীয় ডাকাত দলের অন্যতম সদস্য ছিলেন।
- বিষয় :
- হবিগঞ্জ
- ডাকাত সদস্য
- বন্দুকযুদ্ধ
- নিহত
