সমুদ্রে নেমে এনএসআই কর্মকর্তাসহ নিখোঁজ ২
শুভসন্ধ্যা সমুদ্র সৈকত
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২২ | ০৩:৩১ | আপডেট: ১৩ জুলাই ২০২২ | ০৩:৩৬
বরগুনার তালতলী শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) কর্মকর্তাসহ দুইজন নিখোঁজ হয়ে গেছেন। তবে একই ঘটনায় গুরুতর অবস্থায় তার পরিবারের তিনজনকে উদ্ধার করেছে স্থানীয়রা।
বুধবার দুপুর ১২টার দিকে শুভসন্ধ্যা সৈকতে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুইজন হলেন, এনএসআইয়ের জুনিয়র ফিল্ড অফিসার মোস্তফা কাদের ও তার স্ত্রীর বোনের মেয়ে নুর আক্তার জুঁই (১৮)। মোস্তফা বরগুনায় কর্মরত।
মোস্তফা কাদেরর স্ত্রী সেলিনা সিকদার (৩৫), ছেলে মাহাতির মোহাম্মাদ (০৯) ও আবদুল করিমকে (১৬) সমুদ্র থেকে উদ্ধার করে স্থানীয়রা।
সেলিনা সিকদার জানান, এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের বরগুনায় চাকরি করেন, সেই সুবাদে ঢাকা থেকে তিনি নিজে, দুই ছেলে ও বোনের মেয়েকে নিয়ে ঈদের ছুটিতে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুড়তে আসেন। সবাই মিলে সমুদ্রে গোসল করতে যান। ঢেউয়ের তোড় মুহূর্তের মধ্যে সমুদ্রের মাঝে নিয়ে যায় তাদের সবাইকে। পরে খোঁজাখুঁজির পর তিনজনকে পাওয়া যায়। বাকি দুইজনকে উদ্ধারে কোস্টগার্ড, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের কয়েকটি টিম কাজ করছে।
প্রত্যক্ষদর্শী কয়েক লোকের সঙ্গে কথা বলে জানা গেছে, এনএসআই কর্মকর্তা তার পরিবার নিয়ে সৈকতের কাছে সাঁতার কাটতে নামেন। এ সময় ঢেউয়ের আঘাতে সবাই বিচ্ছিন্ন হয়ে ডুবে যান। কেউই সাঁতার কাটতে জানতেন না। তাদের উদ্ধারে অন্য পর্যটকরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
তালতলী ফায়ার সর্ভিসের অফিসার মো. আহসান হাবিব জানান, গোসল করতে নেমে নিখোঁজদের মধ্যে তিনজনকে স্থানীয়রা উদ্ধার করেছে। আরও দুইজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে কাজ চলছে।
- বিষয় :
- সমুদ্র সৈকত
- এনএসআই
