বিশ্বজয়ী শরিফুলের দরিদ্র পরিবারে এতো আনন্দ এই প্রথম
পঞ্চগড়ের গৌরব শরিফুলের বাবাকে মিষ্টিমুখ করাচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা- সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:১৬ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৩৮
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার শরিফুল ইসলামের গ্রামের বাড়িতে এখন উৎসব। সকাল থেকেই বাড়িতে আসছে মানুষ আর মানুষ। সব সময়ই লেগে আছে ভিড়।
সোমবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের নগরপাড়া এলাকায় শরিফুলের বাড়িতে দেখা দেখা যায়, বাড়িতে ক্রিকেট ভক্তদের ভিড়। শুধু ক্রিকেট ভক্তরাই নয়, প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিরাও শরিফুলের পরিবারকে শুভেচ্ছা জানাতে নিয়ে এসেছেন মিষ্টি ও ফুল।
প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ে বিশেষ নৈপুন্য দেখানো পঞ্চগড়ের দরিদ্র পরিবারের সন্তান শরিফুলের বাবা দুলাল মিয়া ও মা বুলবুলি বেগমকে মিষ্টি খাওয়ান দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত জামান চৌধুরী জর্জসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। শরিফুল দেশে ফিরলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।
শরিফুলের বাবা একজন কৃষক। চার ছেলে-মেয়ের মধ্যে শরিফুল দ্বিতীয়। বড় ভাই বাবার সঙ্গে কৃষিকাজের দেখাশোনা করেন। ছেলের এমন বিজয়ে আনন্দে বাকরুদ্ধ শরিফুলের বাবা-মা। আনন্দ প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন তারা, 'জীবনে এতো বড় আনন্দ আর আসেনি।'
অভাবের সংসারে শরিফুল দেশের জন্য যে সম্মান এনে দিয়েছেন তাতে ভরে গেছে দরিদ্র বাবা মায়ের বুক।তাদের প্রত্যাশা ছেলে তাদের জাতীয় দলের হয়ে এভাবেই দেশের বিজয় একদিন এনে দিবে।
শরিফুলের বাবা দুলাল মিয়া বলেন, 'ছোট থেকেই ক্রিকেটের প্রতি টান শরিফুলের। বড় হয়ে একদিন সে দেশের জন্য এতো বড় সুনাম বয়ে আনবে এটা আমাদের জন্য বড়ই আনন্দ ও গৌরবের।'
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান বলেন, 'শরিফুল আমাদের দেবীগঞ্জের গৌরব। সে দেশের পাশাপাশি আমাদের মুখও উজ্জল করেছে। দেশে ফিরলে স্থানীয়ভাবে তাকে সংবর্ধনা দেওয়া হবে।'
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে রোববার ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। আগামী বুধবার সকালে দেশে ফেরার কথা বিশ্বকাপজয়ী যুবাদের।
- বিষয় :
- শরিফুল ইসলাম
- অনূর্ধ্ব-১৯
- পঞ্চগড়
