নওগাঁয় ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ২২:৪৬
নওগাঁর মান্দায় গোয়েন্দা (ডিবি) পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ আওরঙ্গজেব জিবু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি ওই ব্যক্তি কুখ্যাত মাদক ব্যবসায়ী।
সোমবার রাত ৩টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নে দেলুয়াবাড়ী-চৌবাড়িয়া সড়কের বাকাঁপুর ব্রিজের পাশের এই ঘটনা ঘটে। এ ঘটনায় ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
নিহত আওরঙ্গজেব জিবু কুশুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী বাজারের লবির উদ্দিনের ছেলে। আহতরা হলেন- ডিবির এএসআই মেহেদী হাসান, কনস্টেবল রুমন হোসেন ও শিমুল মির।
মান্দা থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার বলেন, সোমবার সন্ধ্যার দিকে দেলুয়াবাড়ী বাজার থেকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ মাদকসহ আওরঙ্গজেব জিবুকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার কাছে আরো মাদক রয়েছে বলে স্বীকার করে জিবু। তাকে নিয়ে রাত ৩টার দিকে ডিবি পুলিশের একটি দল মাদক উদ্ধারে অভিযান চালায়। এসময় দেলুয়াবাড়ী-চৌবাড়িয়া সড়কের বাকাঁপুর ব্রিজের পাশের জিবুর সঙ্গপাঙ্গরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় গোলাগুলির মধ্যে পড়ে আওরঙ্গজেব জিবু নিহত হন।
নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেন, আওরঙ্গজেব জিবু একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তাকে ডিবি পুলিশ আটকের পর অভিযান পরিচালনা করে। পরে মাদক ব্যবসায়ীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে আওরঙ্গজেব জিবু নিহত হন। এসময় তিন পুলিশ সদস্য আহত হন। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- বিষয় :
- নওগাঁ
- বন্দুকযুদ্ধ
