ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রধান আসামিদের বাদ দিয়ে চার্জশিট

বেলকুচির সেই ওসির বিরুদ্ধে তদন্ত শুরু

বেলকুচির সেই ওসির বিরুদ্ধে তদন্ত শুরু
×

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ০৯:৩৭ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ০৯:৫৮

সিরাজগঞ্জের বেলকুচিতে এক বিক্রয় প্রতিনিধির ছেলেকে মারধরের মামলায় প্রধান আসামিদের নাম বাদ দিয়ে চার্জশিট দাখিলের অভিযোগ আমলে নিয়েছে পুলিশ সদর দপ্তর। একইসঙ্গে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সে হিসেবে বৃহস্পতিবার তদন্ত শুরু করেছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) সিদ্দিক আহমদ।

এর আগে গত ২০ জুলাই পুলিশ সদর দপ্তরে গিয়ে বেলকুচি থানার সাবেক ওসি গোলাম মোস্তফার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নাবিন মন্ডল।

নাবিনের অভিযোগ, গত ১০ জুন উপজেলার চালায় সাব রেজিস্ট্রার অফিসের পাশে তাঁর কনফেকশনারির দোকানে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় মামলা নিতে গড়িমসি করেন তৎকালীন ওসি গোলাম মোস্তফা। ঘটনার চারদিন পর মামলা নিলেও প্রধান আসামি ঢাকার মন্ডল গ্রুপের জিএম প্রকৌশলী আমিনুল ইসলাম, বেলকুচি পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হামিদ, কাউন্সিলরপুত্র মুন্না ও তাঁর সহযোগী রাজিবের নাম বাদ দিয়ে চার্জশিট দাখিল করেন ওসি। এতে বাদী নারাজি দিলে পিবিআইকে মামলার পুনঃতদন্তের নির্দেশ দেন আদালত।

এরপর নাবিন সংক্ষুব্ধ হয়ে পুলিশ সদর দপ্তরে অভিযোগ দেন। সাবেক ওসি মোস্তফা বর্তমানে পাবনার চাটমোহর সার্কেল অফিসে পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে কর্মরত। তদন্ত শুরু হওয়ায় বৃহস্পতিবার নাবিনকে বেলকুচি সার্কেল অফিসে ডেকে তাঁর বক্তব্য নিয়েছেন এএসপি সিদ্দিক।

এএসপি সিদ্দিক সমকালকে বলেন, পুলিশ সদর দপ্তরে দেওয়া নাবিনের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। প্রথম দিন বাদীর বক্তব্য নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বিবাদী ও সাক্ষীদের বক্তব্য নেওয়া হবে।

আরও পড়ুন

×