ধানক্ষেতে গৃহবধূর লাশ, মায়ের দাবি যৌতুকের জন্য হত্যা
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:১২
বগুড়ার শিবগঞ্জে ধান ক্ষেত থেকে শিরিনা সুলতানা (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের আচলাই নামাপাড়া গ্রামের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকে নিহত শিরিনার স্বামী মামুন রশিদ পলাতক। যৌতুক না পেয়ে মামুন স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বলে শিরিনার মা গোলাপী বেগম অভিযোগ করেছেন।
শিবগঞ্জ থানার এসআই সাহেব গণি জানান, সকালে ধান ক্ষেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শিরিনা উপজেলার নয়াপাড়ার মো. সেকেন্দার আলীর মেয়ে। গত ২ বছর আগে মামুন রশিদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া চলছিল।
শিরিনা সুলতানা মা গোলাপী বেগম বলেন, কয়েক মাস আছে মামুন আমাদের কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। এরপর জমি বিক্রি করে এক লাখ টাকা দেওয়া হয়। কিছু দিন ধরে আরও ২ লাখ টাকার জন্য চাপ দিতে থাকে সে। এই টাকা না পেয়েই শিরিনাকে খুন করেছে মামুন।
এ ঘটনায় গোলাপী বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনার পর থেকে ওই নারীর স্বামী মামুন পলাতক রয়েছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।
- বিষয় :
- লাশ উদ্ধার
- শ্বাসরোধে হত্যা
- যৌতুকের দাবি
- শিবগঞ্জ
