শিবগঞ্জে যুবকের বিরুদ্ধে স্কুলে চাঁদাবাজির অভিযোগ
ছবি-সংগৃহীত
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ০০:৫৩
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক যুবকের বিরুদ্ধে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ঠিকাদার।
অভিযুক্ত যুবকের নাম পিয়াস রহমান (৩০)। তিনি নিজেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের শিবগঞ্জ উপজেলা সহসভাপতি হিসেবে পরিচয় দেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গুজিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ করছে এম,এস-জি এ এন কন্সট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ১৮ মে সকালে পিয়াস রহমান দুটি মোটরসাইকেলে ৩-৪ জন সহযোগীকে নিয়ে বিদ্যালয়ের মাঠে ঢুকে পড়েন। এরপর তিনি ঠিকাদারের লোকজনের পাঁচ লাখ চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
বিপুল চন্দ্র সরকার নামে বিদ্যালয়ের এক শিক্ষক জানান, ১৮ মে ওই যুবকরা কোনো কারণ ছাড়াই বিদ্যালয়ের বারান্দার রেলিংয়ের কাচা দেয়াল লাথি মেরে ভেঙে ফেলে। সেখানে সিমেন্টও নষ্ট করে ফেলা হয়। এতে বাধা দিতে গেলে রাজমিস্ত্রি ও শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। গত ২০ জুন আবারও চাঁদা দাবি করা হয়।
ঠিকাদার নয়ন ইসলাম বলেন, প্রায় দুই বছর ধরে তিনি সেখানে ভবনের কাজ করছেন। কিন্তু গত তিন মাস ধরে পিয়াস রহমান নিজেকে রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দিলে কাজ বন্ধের হুমকি দেওয়া হয়।
নয়ন ইসলাম বলেন, ‘ওরা আমাকে বলে, এখানে কাজ করতে হলে ৫ লাখ টাকা চাঁদা দেওয়া লাগবে। আমি রাজি না হওয়ায় কাজের সাইটে এসে রাজমিস্ত্রিদের গালিগালাজ করে এবং রেলিংসহ বিভিন্ন জিনিসে ভাঙচুর চালায়। এখন আমাকে এলাকা ছাড়া করার পাশাপাশি হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’
গুজিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তুজাম্মেল হক বলেন, ‘১৮ মে আমি অফিসের কাজে বাইরে ছিলাম। এসে শুনি পিয়াস নামের একজন লাথি মেরে রেলিংয়ের দেয়াল ভেঙে ফেলেছে। ক্লাস চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠানে এসে এমন আচরণ ন্যাক্কারজনক। আমরা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
পিয়াস রহমান বলেন, ‘ঠিকাদারের সাথে আমার ব্যাক্তিগত আর্থিক লেনদেন আছে, আমার সাথে না বসলে ওকে কাজ করতে দেব না।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনটির উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতারা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
