কুকুর হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি কারাগারে
ফাইল ছবি
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ০০:০৩
নরসিংদীতে কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় পুলিশের মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন জামিনে আছেন এবং গতকাল রোববার দুজনকে আদালতে-১৬৪ ধারায় জবানবন্দি নিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপের মামলায় গত ২৫ জুন কামারগাঁও এলাকা থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। এরপর গত শনিবার সন্ধ্যায় নরসিংদী শহরের নাগরিয়াকান্দী থেকে রমজান আলীকে এবং রাতে ইউএমসি জুট মিলের সামনে থেকে শাহিনারা বেগমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন– নরসিংদী পৌর এলাকার কামারগাঁওয়ের আব্দুল আজিজের স্ত্রী শাহিনারা বেগম, নাগরিয়াকান্দী এলাকার হারুনূর রশিদের ছেলে রমজান আলী এবং কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে মোহাম্মদ আলী। তাদের মধ্যে শাহিনারা বেগম ও রমজান আলী গতকাল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অপর আসামি মোহাম্মদ আলী জামিনে রয়েছেন।
নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুক বলেন, জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এই মামলায় গ্রেপ্তার দুজন কারাগারে এবং একজন জামিনে রয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ জুন একটি জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নরসিংদীর নাগরিয়াকান্দী সেতুর ওপর থেকে নদীতে নিক্ষেপের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। এই ভিডিওতে দেখা যায়, খালি গায়ে থাকা একজন লোক একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে ফেলে দিচ্ছেন। ভিডিওটি নজরে এলে তড়িৎ পদক্ষেপ নেয় পুলিশ।
