ডেকে নিয়ে জিম্মি করে টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার ২
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:১৭
বাসায় টেলিভিশন মেরামত বা বৈদ্যুতিক কাজ করানোর কথা বলে ডেকে নিয়ে জোরপূর্বক নারীর সঙ্গে অশ্লীল ছবি ধারণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম টিম তাদের গ্রেপ্তার করে।
তারা হলেন- চান্দগাঁও মৌলভীপুকুর পাড় এলাকার মো. জামাল উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন প্রকাশ সাকিব ও ফটিকছড়ি মধ্যম কাঞ্চননগর এলাকার মো. ফয়সালের স্ত্রী সুমি আক্তার।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন জানান, চান্দগাঁও থানার ফরিদেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক ব্যক্তিকে ফরিদেরপাড়া এলাকায় টিভি মেরামতের কথা বলে ডেকে নেয় তারা। বাসায় গেলে ওই ব্যক্তিকে আটকে রেখে প্রতারক চক্রের নারী সদস্যদের সঙ্গে জোরপূর্বক অশ্লীল ছবি ধারণ করা হয়। পরে ওই ব্যক্তির পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এ অবস্থায় ওই ব্যক্তির পরিবার বিকাশের মাধ্যমে ৪৫ হাজার টাকা পাঠায় তাদের। বাকি টাকা দিতে চাপ দিতে থাকলে ভিকটিমের পরিবারের সদস্যরা পুলিশের কাছে অভিযোগ জানায়। পরে অভিযানে নেমে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
