ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

খুলনায় শিশুশ্রমে ঝুঁকিপূর্ণ শিশুদের জন্মদিন উদযাপন

খুলনায় শিশুশ্রমে ঝুঁকিপূর্ণ শিশুদের জন্মদিন উদযাপন
×

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইকবাল হোসেন সিএসএস আভা সেন্টারে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশু বান্ধব শিখন কেন্দ্রের শিশুদের জন্মদিন উৎসবে কেক কাটেন - সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:২৬

শিশুবান্ধব শিখন ও বিনোদন কেন্দ্রের ১৩৫ শিশু নেচে-গেয়ে, কেক কেটে তাদের জন্মদিন উদযাপন করলো। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজেন বুধবার সকালে খুলনা নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত এই উৎসবে শিশুদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

উৎসবে প্রধান অতিথি খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইকবাল হোসেন বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশের কর্ণধার আজকের শিশুদের বর্ণিল শৈশব নিশ্চিত করা প্রয়োজন। শ্রম হতে মুক্ত হয়ে নতুন জীবন পাওয়া শিশুদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে জীবনের সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ধনী-দরিদ্র নির্বিশেষে সবার বাংলাদেশে কেউ পিছিয়ে থাকতে পারে না। সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন শিশুদের মাধ্যমেই বাস্তবায়িত হবে। সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিশুদের প্রতি বিশেষ নজর রাখা অপরিহার্য।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাউদার্ন রিজিওনাল ফিল্ড ডাইরেক্টর লিমা হান্না দারির সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল ও খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর আমেনা হালিম বেবী। 

অনুষ্ঠানে শিশুরা তাদের তৈরি উপহার অতিথিদের হাতে তুলে দেয় এবং অতিথিরা শিশুদের উপহার প্রদান করেন। এ সময় সুবিধাবঞ্চিত শিশু ও তাদের অভিভাবক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিশু শিখন ও বিনোদন কেন্দ্রের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×